ইউক্রেন সংকট:
আমেরিকার সভাপতিত্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠক: বিষয় ইউক্রেন
আমেরিকার সভাপতিত্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠক হবে ইউক্রেন বিষয়ে। স্থানীয় সময় মোতাবেক আজই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করার উদ্দেশে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আঙ্কারা, মস্কো এবং কিয়েভ সফরের এক সপ্তাহ পর ওই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমেরিকা এক মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবে। এমন সময় দেশটি এই দায়িত্ব পেলো যখন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা ইউক্রেনকে সমরাস্ত্রসহ সার্বিক সহায়তা দিয়ে যাবে।
ইউক্রেন যুদ্ধ এখন তৃতীয় মাসে পড়েছে। এ পর্যন্ত ২৫ টি দেশ কিয়েভকে বিভিন্ন রকমের সামরিক অস্ত্র পাঠিয়েছে। যদিও রাশিয়া বরাবরই বলে আসছে ইউক্রেন দখল করার কোন ইচ্ছা তাদের নেই।
মস্কো বারবার পশ্চিমা দেশগুলিকে ইউক্রেনকে সশস্ত্র করার বিষয়ে সতর্ক করে বলেছে, পূর্ব ইউক্রেনে বসবাসকারী রুশ বংশোদ্ভুতদের ওপর ইউক্রেন বাহিনী যদি মানবাধিকার লঙ্ঘন করে কোনোরকম আক্রমণ চালায় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। কিন্তু কিয়েভ তা উপেক্ষা করেছে।
পশ্চিমা দেশগুলি বিশেষ করে আমেরিকা সাম্প্রতিক বছরগুলিতে ইউক্রেন সরকারকে ব্যাপক আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে এসেছে। যুদ্ধের সূচনা থেকেই তারা কিয়েভকে ভাড়াটে বাহিনী দেওয়াসহ সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।#
পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।