‘বিনিময়ে আরো তেল চায় ওয়াশিংটন’
https://parstoday.ir/bn/news/world-i110438-বিনিময়ে_আরো_তেল_চায়_ওয়াশিংটন’
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়ার চিন্তা করছে আমেরিকা; এর বিনিময়ে ওয়াশিংটন চাইছে সৌদি আরব তেলের উৎপাদন বৃদ্ধি করুক যাতে আমেরিকায় জ্বালানির দাম কমে আসে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০২২ ০৭:৫৫ Asia/Dhaka
  • ইয়েমেনে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিসৌদি আরবের কাছে ৬ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে
    ইয়েমেনে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিসৌদি আরবের কাছে ৬ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়ার চিন্তা করছে আমেরিকা; এর বিনিময়ে ওয়াশিংটন চাইছে সৌদি আরব তেলের উৎপাদন বৃদ্ধি করুক যাতে আমেরিকায় জ্বালানির দাম কমে আসে।

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরব সফর করবেন। তার আগ মুহূর্তে এই খবর বের হলো। কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে এবং আমেরিকার অভ্যন্তরীণ বিষয় হিসেবে রয়েছে। এটি এখনো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে আসে নি।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনো সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়নি। সূত্রগুলো বলছে, ইয়েমেনের ওপর সৌদি আরব যে আগ্রাসন চালিয়ে আসছে তা বন্ধের বিষয়ে রিয়াদের মনোভাবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নির্ভর করছে। সূত্রগুলো দাবি করছে, যুদ্ধের রাজনৈতিক সমাধান চায় ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তারা এই দাবি করলেও বাস্তবতা হচ্ছে- ইয়েমেনের ওপর আগ্রাসন চালানোর ক্ষেত্রে সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো মার্কিন নির্মিত অস্ত্র ব্যবহার করছে এবং এ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক সমালোচনা রয়েছে। ইয়েমেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরবকে এক সময় ‘অচ্ছুত’ দেশ বলে মন্তব্য করেছিলেন।

এরপরও সৌদি আরব চাইছে, যেকোন কিছুর বিনিময়ে রিয়াদের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক। তবে এখনো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সুস্পষ্ট ইতিবাচক কোনো ইঙ্গিত পাওয়া যায় নি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেল এবং গ্যাসের দাম আকাশচুম্বি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখন আমেরিকা সৌদি আরবের সঙ্গে নিজের সম্পর্ক পুনঃনির্ধারণের চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/১২