ভারতীয় ৭ দূতাবাসের ওয়েবসাইটে সাইবার হামলার দাবি পাকিস্তানি হ্যাকারদের
https://parstoday.ir/bn/news/world-i11665-ভারতীয়_৭_দূতাবাসের_ওয়েবসাইটে_সাইবার_হামলার_দাবি_পাকিস্তানি_হ্যাকারদের
ভারতীয় সাত দূতাবাসের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। পাকিস্তানের কিছু হ্যাকার এ হামলা চালানোর দাবি করেছে। সাইবার হামলা চালিয়ে বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে পাকিস্তানপন্থি শ্লোগান সেটে দেয়া হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১০, ২০১৬ ১৪:১৪ Asia/Dhaka
  • সাইবার হামলার পর তাজিকস্তানের দোশাম্বের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটের দৃশ্য
    সাইবার হামলার পর তাজিকস্তানের দোশাম্বের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটের দৃশ্য

ভারতীয় সাত দূতাবাসের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। পাকিস্তানের কিছু হ্যাকার এ হামলা চালানোর দাবি করেছে। সাইবার হামলা চালিয়ে বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে পাকিস্তানপন্থি শ্লোগান সেটে দেয়া হয়েছে।

পাকিস্তানের সাংবাদিকদের কাছে পাঠানো এক ইমেইলে এই সাইবার হামলা চালানোর কথা জানানো হয়। এতে বলা হয়, আংকারা, এথেন্স এবং মেক্সিকো সিটির ভারতীয় মিশনগুলোর ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে।

এ ছাড়া, ব্রাজিলের সাউ পাওলো, রোমানিয়ার বুখারেস্ট, তাজিকস্তানের দোশাম্বে এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ভারতীয় মিশনেও সাইবার হামলা হয়েছে। এ সব হ্যাকার নিজেদের রোমান্টিক এবং বহিরাগত হিসেবে দাবি করেছে। দোশাম্বে, আংকারা এবং এথেন্সের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে যে সব শ্লোগান লিখে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে ‘ভয় পেয়ো না!’ ‘আমরা নাচি- তোমরা কাঁপো!’ ‘পাকিস্তান জিন্দাবাদ’ এবং ‘ পাকিস্তানের ক্ষমতা অনুভব করো’ ইত্যাদি।

এদিকে বিষয়টি নিয়ে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করেছে পাকিস্তানের কোনো কোনো সংবাদপত্র। কিন্তু এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

১৯৯৮ সাল থেকে পাকিস্তান এবং ভারতে আন্ত-সীমান্ত সাইবার হামলার ঘটনা ঘটছে। ব্যাপক আকারে এ হামলা না হলেও মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। সম্প্রতি দু’ দফা লাহোর হাইকোর্টের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানি হ্যাকাররা ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি) রায়পুরের ওয়েব সাইট হ্যাক করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১০