পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন হাকিমুল্লাহ মেহসুদের ভাই এবং চাচা
-
সাবেক টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদ
তেহরিকে তালেবান পাকিস্তানের সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদের ভাই এবং চাচাসহ নিষিদ্ধ ঘোষিত এ গোষ্ঠীর ছয় গুরুত্বপূর্ণ সদস্য পাক নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন কুররাম এজেন্সিতে তারা আত্মসমর্পণ করেছেন বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা আজ (রোববার) জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হাকিমুল্লাহ মেহসুদের ভাই এজাজ মেহসুদ এবং চাচা খায়ের মুহাম্মদ মেহসুদ শনিবার শেষ বেলায় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন। কুররাম এজেন্সির একটি সীমান্ত পথের কাছে তারা আত্মসমর্পণ করেন। অবশ্য তারা আত্মসমর্পণের জন্য আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকেছেন নাকি পাকিস্তানের গোপন আস্তানা থেকে বের হয়ে এসেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন এ কর্মকর্তা।
এ ছাড়া, টিটিপি’র আরো অন্তত চার কমান্ডার আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী সবাইকে তুল অঞ্চলের দুর্গে সরিয়ে নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরো তালেবান আত্মসমর্পণ করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে টিটিপি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।
উত্তর আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ২০১৩ সালের নভেম্বরে নিহত হন সাবেক টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদ। একদিন পরেই তাকে অজ্ঞাত স্থানে দাফন করা হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১৯