এরদোগানের ক্ষমা প্রার্থনা: রাশিয়া বলল ‘বিলম্বিত’ এবং ‘অপর্যাপ্ত’
-
এরদোগান
সিরিয়ার আকাশসীমায় গত বছর রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষমা চাওয়াকে ‘বিলম্বিত’ এবং ‘অপর্যাপ্ত’ বলে মন্তব্য করেছে মস্কো। রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কনস্টানটিন কোসাচেভ এ মন্তব্য করেছেন।
গত বছরের ২৪ নভেম্বর বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছিল এবং এর জের ধরে দু দেশের সম্পর্কের চরম অবনতি হয়েছিল। আর এ পরিপ্রেক্ষিতে এরদোগান একটি চিঠি দিয়ে পুতিনের কাছে ক্ষমা চেয়েছেন।
কোসাচেভ বলেন,স্বাভাবিক যুক্তি মেনে চললে, ঘটনার পরপরই এ ক্ষমা চাওয়া উচিত ছিল। এ ধরণের ঘটনা না ঘটলে আরো ভালো হতো বলেও জানান তিনি। তুরস্কের ওই পদক্ষেপের পেছনে কোনো যুক্তি নেই উল্লেখ করে তিনি আরো বলেন, তুরস্কের বর্তমান নেতৃত্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি অসম্ভব বলেই মনে হচ্ছে।

সবক্ষেত্রে তুর্কি পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন রুশ সংসদের এ পদস্থ কর্মকর্তা। এজন্য এরদোগানই দায়ী বলে তিনি মন্তব্য করেন। কোসাচেভ বলেন, এ অবস্থায় তুরস্ক কূটনৈতিক ক্ষেত্রে ছোট একটা বিজয় দেখতে চায় আর রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাটাই হয়ত কাঙ্ক্ষিত সে বিজয়।
তিনি বলেন, সে যাই হোক, রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে মামুলি ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি দেয়ার চেয়ে তুরস্ককে আরো অনেক বেশি কিছু করতে হবে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৮