নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতদের কাছে কাশ্মির পরিস্থিতি তুলে ধরল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i14395-নিরাপত্তা_পরিষদের_রাষ্ট্রদূতদের_কাছে_কাশ্মির_পরিস্থিতি_তুলে_ধরল_পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশের রাষ্ট্রদূতদের কাছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতির বিষয়টি তুলে ধরেছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করে পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী বিষয়টি তুলে ধরেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০১৬ ০৬:২৯ Asia/Dhaka
  • নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতদের কাছে কাশ্মির পরিস্থিতি তুলে ধরল পাকিস্তান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশের রাষ্ট্রদূতদের কাছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতির বিষয়টি তুলে ধরেছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করে পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী বিষয়টি তুলে ধরেন।

চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকার রাষ্ট্রদূতদের কাছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিরাজমান অবনতিশীল পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যও নয়াদিল্লির প্রতি আহ্বান জানান পাক পররাষ্ট্র সচিব। তিনি কাশ্মিরের বেসামরিক জনগণের নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের মারাত্মক উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন।

গত শুক্রবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মিরের ২২ বছর বয়সি প্রভাবশালী গেরিলা নেতা বুরহান ওয়ানি নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা কাশ্মির উপত্যকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে জম্মু ও কাশ্মিরে অন্তত ৩২ ব্যক্তি নিহত হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ফলে এ সব ব্যক্তি নিহত হয়েছে বলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশগুলোর রাষ্ট্রদূতদের অবহিত করেন আইজাজ আহমেদ চৌধুরী। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতের স্বচ্ছ তদন্ত চালানো উচিত বলেও দাবি করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৩