ভেনিজুয়েলার ঘটনাবলী, আমেরিকার মোকাবেলায় ইউরোপের জন্য এক কঠিন পরীক্ষা
https://parstoday.ir/bn/news/world-i155770-ভেনিজুয়েলার_ঘটনাবলী_আমেরিকার_মোকাবেলায়_ইউরোপের_জন্য_এক_কঠিন_পরীক্ষা
পার্সটুডে-ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্টকে অপহরণের ঘোষণা ইউরোপকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে কঠিন আইনি ও রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি করেছে।
(last modified 2026-02-02T11:24:58+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৬ ১৯:১৯ Asia/Dhaka
  • ভেনেজুয়েলার ঘটনাবলী, আমেরিকার মোকাবেলায় ইউরোপের জন্য কঠিন পরীক্ষা
    ভেনেজুয়েলার ঘটনাবলী, আমেরিকার মোকাবেলায় ইউরোপের জন্য কঠিন পরীক্ষা

পার্সটুডে-ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্টকে অপহরণের ঘোষণা ইউরোপকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে কঠিন আইনি ও রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি করেছে।

যেখানে "নিয়ম-তান্ত্রিক শৃঙ্খলা" মেনে চলার দাবি এবং ওয়াশিংটনের সাথে জোটের বিবেচনার মধ্যে ব্যবধান আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী আঞ্চলিক সংকট অতিক্রম করে দ্রুত ইউরোপের মিডিয়া এবং আইনি মহলে গুরুতর একটি সমস্যায় পরিণত হয়েছে। বিশ্লেষণের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে মার্কিন সামরিক অভিযান এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্থানান্তরের বিষয়টি পর্যালোচনা করা। পর্যালোচনায় আরও উল্লেখ করা হয়েছে যে নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই ওয়াশিংটন এরকম পদক্ষেপ নিয়েছে এবং আত্মরক্ষার কাঠামোর বাইরে অভিযানটি পরিচালিত হয়েছে।

পার্সটুডে আরও জানায় দ্য গার্ডিয়ান, লে মন্ডে এবং দ্য ফিনান্সিয়াল টাইমসের মতো সংবাদমাধ্যমগুলো জাতিসংঘ সনদের নীতিগুলো স্মরণ করে জোর দিয়ে বলেছে যে "মাদকের বিরুদ্ধে যুদ্ধ" বা "সন্ত্রাসবাদ" এর মতো ধারণাগুলো বল প্রয়োগের জন্য আইনি মানদণ্ড হতে পারে না। এই বিশ্লেষকদের মতে, এ ধরনের ন্যায্যতা গ্রহণ আইন এবং ক্ষমতার রাজনীতি-এ দুয়ের মধ্যকার সীমানাকে দুর্বল করে দেয় এবং একতরফা হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার পথ সুগম করে।

ইউরোপে, এই মামলাটি বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠেছে কারণ ঠিক এই আইনি নীতিগুলোর ওপর নির্ভর করে পশ্চিমা সরকারগুলো সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন মামলায় বল প্রয়োগের নিন্দা জানিয়েছে। এখন মূল প্রশ্ন হল মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মিত্রের সামনে নীরবতা বা সতর্ক অবস্থান এই দাবিগুলোর গ্রহণযোগ্যতার ওপর কী রকমের প্রভাব ফেলবে।

চ্যাথাম হাউস এবং ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতো যেসব ফ্লাটফর্ম রয়েছে তারা সতর্ক করেছে যে নিয়ম-নীতির প্রয়োগ আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকে বৃহৎ শক্তির সেবায় নমনীয় হাতিয়ারে পরিণত করছে।

এই দৃষ্টিকোণ থেকে, ভেনেজুয়েলা কেবল ইউরোপের জন্য একটি দূরবর্তী সংকটই নয়, বরং এমন একটি দৃশ্য যেখানে ঘোষিত নীতি এবং বৈদেশিক নীতির বাস্তবতার মধ্যে ব্যবধান জনমতের সামনে অভূতপূর্ব স্পষ্টতার সাথে উন্মোচিত হয়েছে।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন