কংগ্রেস নির্বাচনের দেড় মাস আগে ট্রাম্পের জনপ্রিয়তায় নজিরবিহীন ধস
-
ট্রাম্প
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন হতে আর মাত্র প্রায় ছয় সপ্তাহ বাকি। এরিমধ্যে নতুন এক জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নজিরবিহীনভাবে কমে ৩২ শতাংশে নেমে এসেছে।
ইরনার বরাতে পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল নতুন জরিপের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে- ট্রাম্পের প্রতি সমর্থনের হার ৩২ শতাংশে নেমে এসেছে, যা তাঁর দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন এবং রয়টার্সের জরিপ অনুযায়ী তাঁর রাজনৈতিক জীবনেরও এটি সর্বনিম্ন পর্যায়।
এই হার তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতে থাকা ৪৭ শতাংশ সমর্থনের তুলনায় ১৫ শতাংশ কম।
রয়টার্সের একই জরিপে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যেভাবে দায়িত্ব পালন করছেন, তাতে অসন্তুষ্টির হার দাঁড়িয়েছে ৬৬ শতাংশে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তোষ তাঁর সামগ্রিক জনপ্রিয়তা কমার অন্যতম কারণ হয়ে উঠেছে।
সেপ্টেম্বরের এই রয়টার্স/ইপসোস-এর জরিপটি ১৭ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পরিচালিত হয়। এতে ১,২৭৭ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন এবং পুরো নমুনার ক্ষেত্রে জরিপটির মার্জিন অব এরর ছিল প্রায় ৩ শতাংশ পয়েন্ট।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন আগামী ৩ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে। নির্বাচনের ফল কংগ্রেসে দলগুলোর ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।
এদিকে, জীবনযাত্রার ব্যয় ও অর্থনীতি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। আগস্টের রয়টার্স/ইপসোস জরিপে ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছিলেন, কংগ্রেস নির্বাচনে ভোট দেওয়ার সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয়ই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
সাম্প্রতিক জরিপে রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রতি সমর্থন কমেছে। ১৭-২০ সেপ্টেম্বরের রয়টার্স/ইপসোস জরিপে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের সামগ্রিক কাজের অনুমোদন ৭৩ শতাংশে নেমে এসেছে; জানুয়ারিতে এই হার ছিল ৮৬ শতাংশ। জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় তাঁর কার্যক্রমের অনুমোদনও ৪৪ শতাংশে নেমেছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষও ট্রাম্পের জনপ্রিয়তার ওপর চাপ তৈরি করছে। তবে এসব জরিপের ফলাফল নির্বাচনের চূড়ান্ত ফলাফল সম্পর্কে কোনো নিশ্চিত পূর্বাভাস নয়।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।