সিরিয়া ইস্যুতে আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝি কমিয়ে এনেছি: ল্যাভরভ
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে ওয়াশিংটন ও মস্কো পরস্পরকে সহযোগিতা আরো জোরদার করবে। সিরিয়া ইস্যুতে বিরাজমান মতপার্থক্য এবং অবিশ্বাস কমিয়ে আনতে দুই দেশই সম্মত হয়েছে বলে জানান তিনি।
গতকাল (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, এটি একটি বিরাট সাফল্য যে, আমরা সিরিয়া ইস্যুতে দুই দেশের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝি ও পারস্পরিক অবিশ্বাস কমিয়ে আনতে সক্ষম হয়েছি।
দুই পক্ষের মধ্যে দীর্ঘ ১২ ঘন্টা বৈঠকের পর ল্যভরভ সাংবাদিকদের বলেন, সিরিয়ায় কয়েক বছরব্যাপী চলা সংঘাত অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশটির শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয়েছে রাশিয়া ও আমেরিকা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যভরভ আরো বলেন, তাকফিরি জঙ্গি গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো থেকে মূল ধারার বিরোধী পক্ষগুলোকে আলাদা করতে পারলেই সিরিয়ায় সন্ত্রাস নির্মূল করা যাবে।
অন্যদিকে, সংবাদ সম্মেলনে সিরিয়ার সংঘাতময় পরিস্থিতি 'আকস্মিকভাবে অবনতির' দিকে যাচ্ছে বলে উল্লেখ করে কেরি বলেন, 'সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই। রাজনৈতিকভাবেই এই সংকটের অবসান ঘটাতে হবে।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৭