সিরিয়ার কুর্দি বাহিনীর ওপর হামলা বন্ধ করুন: অ্যাশ্টোন কার্টার
-
আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার
আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার মার্কিন মদদপুষ্ট সিরিয়ার কুর্দি গেরিলাদের ওপর হামলা না চালাতে তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ায় কুর্দি গেরিলাদের অবস্থানে তুর্কি সেনাবাহিনী অভিযান শুরু করার কয়েক দিন পর এ আহ্বান জানালেন তিনি।
গতকাল (সোমবার) সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ'র নাম মিলিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কার্টার বলেন, সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর ওপর হামলা না চালিয়ে দায়েশ বিরোধী লড়াইয়ে মনোযোগী হওয়ার জন্য আমরা তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছি। গত দিনগুলোতে এই ইস্যুতে ওয়াশিংটন কয়েকবার আঙ্কারার সাথে যোগাযোগ করেছে বলেও জানান তিনি।
আরব এবং কুর্দি বাহিনীর সমন্বয়ে গঠিত এসডিএফ দায়েশ বিরোধী লড়াইয়ে মার্কিন বিমান হামলা এবং বিশেষ বাহিনীর ব্যাপক সমর্থন পেয়ে আসছে। গত ২৪ আগস্ট থেকে তুর্কি বিশেষ বাহিনী, ট্যাংক ও জঙ্গিবিমান মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় প্রথমবারের মতো সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে। সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং মার্কিন বাহিনীর মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী পিওয়াইডির অবস্থানে সমন্বিত অভিযান শুরু করে।
সিরিয়ায় তৎপর উগ্রসন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং পিওয়াইডি বিচ্ছিন্নতাবাদীদের দমন করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে বলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দাবি করেছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০