রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া বাতিল হয় নি: ইসলামাবাদের দাবি
রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া মস্কো বাতিল করে নি বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে রোববারের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত মহড়া ফ্রেন্ডশিপ-২০১৬ বাতিল করা হয়েছে বলে কোনো কোনো ভারতীয় সংবাদমাধ্যম যে খবর দিয়েছে তাকে নাকচ করে দেন পাক রাষ্ট্রদূত।
এর আগে পাক-রুশ যৌথ সামরিক মহড়া ফ্রেন্ডশিপ-২০১৬ নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা। বিতর্কিত কোনো এলাকায় এ মহড়া চালানো হবে না বলে নিশ্চিত করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেকেন্ড এশিয়ান ডিপার্টমেন্টের পরিচালক জামির কাবুলভ।
তিনি আরো বলেন, পাক-রুশ যৌথ সামরিক মহড়া নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি বলেন, এটি কোথায় হবে তা এরইমধ্যে ভারতকে জানানো হয়েছে।
রাশিয়া ও পাকিস্তানের পরিকল্পিত যৌথ মহড়া আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় রাত্তুতে অবস্থিত আর্মি হাই অলটিচ্যুড স্কুল এবং চেরাতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং সেন্টারে এ মহড়া আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে।
শীতল যুদ্ধের সময়কার পরস্পর বিরোধী শিবিরের দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ সামরিক মহড়া এরইমধ্যে সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তারা এ সংক্রান্ত বিষয়ে গভীর নজর রাখছেন।#
পার্সটুডে/মূসা রেজা/২০