পাকিস্তানের অস্ত্র চাহিদার ৬৩ শতাংশেরই যোগান দেয় চীন
-
দক্ষিণ চীন সাগরে চীনা সেনাদের মহড়ার দৃশ্য
পাকিস্তানকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে চীন। পাঁচ বছর আগে পাকিস্তানের আমদানি করা অস্ত্রের ৩৯ ভাগ সরবরাহ করত আমেরিকা এবং চীন করতো ৩৮ ভাগ। কিন্তু বর্তমানে চীন একক ভাবে দেশটিকে ৬৩ শতাংশ অস্ত্র সরবরাহ করছে।
একই সঙ্গে আমেরিকার কাছ থেকে আমদানি করা অস্ত্রের পরিমাণ কমে ১৯ শতাংশে যেয়ে ঠেকেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়াস্পেন্ড নামের একটি সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রফতানিকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে চীন। এ ক্ষেত্রে পাকিস্তানে অস্ত্র রফতানির বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীনা অস্ত্রের ৩৫ শতাংশই কেনে পাকিস্তান।
চীনের সঙ্গে পাকিস্তানের সম্প্রতি যে সব গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি হয়েছে তার মধ্যে ৮ ডুবোজাহাজ কেনার চুক্তি অন্যতম। চার থেকে পাঁচশ' কোটি ডলারে এ সব ডুবোজাহাজ পাকিস্তানকে সরবরাহ করা হবে। ডিজেল-বিদ্যুৎ চালিত এ সব ডুবোজাহাজ পাকিস্তানকে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের বিরুদ্ধে দ্বিতীয় পরমাণু হামলার সক্ষমতা দেবে। শত্রুর প্রথম হামলায় যদি স্থলভাগের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়েও যায় তবে ডুবোজাহাজ থেকে দ্বিতীয় পরমাণু হামলা চালাতে পারবে পাকিস্তান।#
পার্সটুডে/মূসা রেজা/৩০