ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখবেন না: বিসিসিআই
https://parstoday.ir/bn/news/world-i21628-ভারত_ও_পাকিস্তানকে_একই_গ্রুপে_রাখবেন_না_বিসিসিআই
আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ০১, ২০১৬ ০৩:০৩ Asia/Dhaka
  • অনুরাগ ঠাকুর
    অনুরাগ ঠাকুর

আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “(ভারতীয়) সরকার পাকিস্তানকে একঘরে করার যে নতুন কৌশল হাতে নিয়েছে এবং ভারতে যে প্রচণ্ড পাকিস্তান বিরোধী জনমত গড়ে উঠেছে তা মাথায় রেখে আমরা আইসিসির কাছে অনুরোধ জানাচ্ছি, দু’টি দেশকে যেন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে একই গ্রুপে রাখা না হয়।”

শুক্রবার বিসিসিআই’র বিশেষ সাধারণ সভায় আইসিসিকে এ অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে বলে ঠাকুর উল্লেখ করেন।

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচে সবচেয়ে বেশি উন্মাদনা ছড়ানোর বিষয়টি বিবেচনা করে আইসিসি সাধারণত বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে দু’টি দেশকে একই গ্রুপে রাখে। আইসিসির পরবর্তী টুর্নামেন্ট- চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। সেখানেও প্রাথমিক পর্বের খেলায় ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের গোড়ার দিকে আইসিসি’র বিশ্বকাপ টি২০’তেও একই গ্রুপে খেলে দুই দেশ এবং সেখানে পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে ভারত। তবে ২০০৭ সালে পাকিস্তান দলের ভারত সফরের পর থেকে এখন পর্যন্ত দু’টি দেশ দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে অংশ নেয়নি। ২০১২ সালে অবশ্য পাকিস্তান আরেকবার ভারত সফরে যায়। তখন দু’টি দেশ শুধু তিনটি ওয়ানডে এবং দু’টি টি২০ ম্যাচ খেলে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১