সিরিয়ার তারতুসে স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i22549-সিরিয়ার_তারতুসে_স্থায়ী_ঘাঁটি_স্থাপনের_পরিকল্পনা_করেছে_রাশিয়া
সিরিয়ার তারতুসের সরবরাহ বন্দরকে স্থায়ী ঘাঁটিতে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে মস্কো। রুশ সংসদের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলকে এ কথা জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নিকোলাই পানকভ। রুশ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করছেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১০, ২০১৬ ১৩:০২ Asia/Dhaka
  • তারতুসে ভিড়েছে রুশ পরমাণু শক্তিচালিত রণতরী পিতর ভেলেকি
    তারতুসে ভিড়েছে রুশ পরমাণু শক্তিচালিত রণতরী পিতর ভেলেকি

সিরিয়ার তারতুসের সরবরাহ বন্দরকে স্থায়ী ঘাঁটিতে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে মস্কো। রুশ সংসদের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলকে এ কথা জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নিকোলাই পানকভ। রুশ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করছেন তিনি।

ভূমধ্যসাগর মিশনের রুশ যুদ্ধজাহাজগুলোকে তারতুস থেকে প্রয়োজনীয় সরবরাহের যোগান দেয়া হয়। ফেডারেল কাউন্সিলকে জেনারেল পানকভ বলেন, তারতুসের সরবরাহ বন্দরকে স্থায়ী  ঘাঁটিতে রূপান্তেরর বিষয়ে কাগজপত্রের কাজ শেষ হয়েছে। রুশ সরকারি সংস্থাগুলো এখন এটি পর্যালোচনা করছে। এ সংক্রান্ত নথিপত্র প্রায় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি শিগগিরই ফেডারেল কাউন্সিলে উপস্থাপন করা হবে।

১৯৭৭ সাল থেকে তারতুস ঘাঁটি ব্যবহার করছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি ব্যবহার করছে রাশিয়া। ভূমধ্যসাগর মিশনে প্রেরিত রুশ যুদ্ধজাহাজগুলোর সরবরাহ এবং মেরামতের জন্য তারতুস বন্দরকে ব্যবহার করা হয়।

তারতুস বন্দর এবং সেখানে নোঙর করা যুদ্ধজাহাজগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার জন্য সম্প্রতি ওই এলাকায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। পেন্টাগন সিরিয়ায় ব্যাপক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ার পরই এ পদক্ষেপ নেয় রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১০