সাইবার দস্যুদের হামলা ঠেকানোর কেন্দ্র চালু করল রাশিয়া
সাইবার হামলা প্রতিহত করার কেন্দ্র স্থাপন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণকারী সংস্থা রোজতেক। দেশটির প্রতিরক্ষা শিল্প ও সংস্থার বিরুদ্ধে যে কোনো ধরণের সাইবার হামলা ঠেকানোর জন্য এ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জনপ্রিয় রুশ দৈনিক ইজভেস্তিয়াকে এ কথা জানিয়েছেন রোজতেকের ডাটা নিরাপত্তা সংক্রান্ত পরিচালক আলেকজান্দার ইয়ভেতিইয়েভ। রুশ প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো ধরণের সাইবার হামলার চেষ্টা হচ্ছে কিনা তা নির্ণয় করা এবং এ সব তৎপরতাকে নস্যাৎ করে দেয়াই হবে কেন্দ্রটির প্রধান কাজ। এ ছাড়া, সাইবার দস্যুরা যেন রাশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে না পারে সে পদক্ষেপ নেবে এ কেন্দ্র। রাশিয়ার বিরুদ্ধে কোনো সাইবার হামলা চালানোর চেষ্টা হলে সে সংক্রান্ত সব তথ্য কেন্দ্রটি রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবিকে জানিয়ে দেবে।
পেন্টাগন সাইবার হামলা চালিয়ে রাশিয়াকে অচল করে দিতে চাইছে বলে খবর প্রকাশিত হওয়ার পরই এ কেন্দ্র চালু করার ঘোষণা দিল মস্কো। এর আগে মার্কিন চ্যানেল এনবিসি নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর হ্যাকার হিসেবে পরিচিত সাইবার দস্যুরা রাশিয়ার রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ভেতরে অবস্থান নিয়েছে। মস্কো যদি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ‘ভণ্ডুল’ করার চেষ্টা করে তবে এ সব হ্যাকার রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো অচল করে দিয়ে দেশটিতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে।
এ দিকে এ খবরের ব্যাখ্যা দাবি করে রাশিয়া বলেছিল, প্রকাশিত সংবাদের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো প্রতিক্রিয়া না দেখায় তবে বুঝতে হবে আমেরিকা রাষ্ট্র পরিচালিত সাইবার সন্ত্রাসবাদের নীতি অনুসরণ করছে। অবশ্য আমেরিকা এখনো সে প্রতিক্রিয়া দেখায় নি।#
পার্সটুডে/মূসা রেজা/৮