বেলুচিস্তানের দরগায় আত্মঘাতী হামলা: নিহত ৫২, আহত শতাধিক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আজ (শনিবার) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক নারী এবং শিশু রয়েছে। খুজদার জেলার শাহ নুরানি দরগায় এই ন্যাক্কারজনক বোমা হামলা চালানো হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
দরগায়ে ধামাল নামে পরিচিত সুফি-সাধকদের একটি অনুষ্ঠান চলাকালে এ বোমা হামলা চালানো হয়। প্রতিদিন সূর্যাস্তের সময় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দরগায় ব্যাপক লোক সমাগম হয়ে থাকে। বোমা হামলার সময় দরগায় অন্তত ৫০০ মানুষ উপস্থিত ছিল।
দরগাটি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় ত্রাণ এবং নিরাপত্তা দলের সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে।
পুলিশ সূত্র থেকে বলা হয়েছে, ১৪ বছরের এক কিশোর এ আত্মঘাতী বোমা হামলা করেছে। অবশ্য কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করে নি। হামলায় বিদেশিদের জড়িত থাকার আভাস দিয়েছেন বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বুগতি।
অক্টোবর মাসে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার পুলিশ একাডেমিতে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় অন্তত ৬১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছিল। এছাড়া, আগস্টে কোয়েটার একটি সরকারি হাসপাতালে আত্মঘাতী হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছিল। নিহতদের বেশিরভাগই ছিলেন আইনজীবী।
গত এক দশকের বেশি সময় ধরে বেলুচিস্তানে সহিংসতা চলছে। এ প্রদেশের শিয়া মুসলমান এবং হাজরা সম্প্রদায়ের বিরুদ্ধে গত ১৫ বছরে এক হাজার চারশ’র বেশি হামলা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১২