মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে ২৮ রোহিঙ্গা নিহত: ৪৩০ বাড়ি ধ্বংস
মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে ২৮ জন রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ২২ রোহিঙ্গা মুসলমানরা দরগির জার গ্রামের উপকণ্ঠে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে গুলিতে তারা নিহত হয়। এ ছাড়া, অন্য এলাকায় আরেকটি পৃথক সংঘর্ষের ঘটনায় আরো ছয় রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে।
এর আগে হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ করার ঘটনা স্বীকার করে দেশটির সরকার। এ ঘটনার পর সেখানকার মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।
মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে লাখ লাখ মুসলমান দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সম্প্রতি সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা নতুন করে ফের মুসলমানদের ওপর হামলা শুরু করেছে।
রাখাইন প্রদেশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। গত ৯ অক্টোবর অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের হাতে মিয়ানমারের ৯ পুলিশ নিহত হওয়ার পর সেখানে নিরীহ মুসলমানদের ওপর ফের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলা শুরু হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ জানিয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় রাখাইন রাজ্যের মুসলিম অধ্যুষিত কয়েকটি গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংস্থাটি বলেছে, রাখাইনের মংদাউ জেলার তিনটি গ্রামের ৪৩০টি বাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/আশরাফুর রহমান/১৪