ইতিহাসে এই প্রথম যুদ্ধজাহাজ থেকে বিমান হামলা চালাল রাশিয়া (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i25825-ইতিহাসে_এই_প্রথম_যুদ্ধজাহাজ_থেকে_বিমান_হামলা_চালাল_রাশিয়া_(ভিডিও)
ভূমধ্যসাগরে অবস্থানরত রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালানো হয়েছে। অ্যাডমিরাল কুজনেৎসভ রণতরী থেকে কয়েকটি রুশ জঙ্গিবিমান সিরিয়ার হোমস ও ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও জাবহাত ফাতেহ আশ-শামের অবস্থানে হামলা চালায়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৫, ২০১৬ ২২:০৫ Asia/Dhaka
  • রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ অ্যাডমিরাল কুজনেৎসভ
    রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ অ্যাডমিরাল কুজনেৎসভ

ভূমধ্যসাগরে অবস্থানরত রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালানো হয়েছে। অ্যাডমিরাল কুজনেৎসভ রণতরী থেকে কয়েকটি রুশ জঙ্গিবিমান সিরিয়ার হোমস ও ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও জাবহাত ফাতেহ আশ-শামের অবস্থানে হামলা চালায়।

কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি জানান, “আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় আমরা গুরুত্বপূর্ণ একটি অভিযান শুরু করি এবং ইদলিব ও হোমস প্রদেশে দায়েশ এবং জাবহাত ফাতেহ আশ-শামের অবস্থানে ব্যাপকভাবে হামলা চালাই।”  তিনি বলেন, “আমাদের নৌবাহিনীর ইতিহাসে একমাত্র বিমানবাহী রণতরী অ্যাডেমিরাল কুজনেৎসভ এ অভিযানে অংশ নেয়।”

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, তাদের বিমানগুলো সন্ত্রাসীদের গোলাবারুদের ডিপো, প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্রাগারে হামলা চালাবে যেগুলো সন্ত্রাসীরা সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করে আসছে।

গত মাসে আর্কটিক মহাসাগর থেকে অ্যাডমিরাল কুজনেৎসভকে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। এর সঙ্গে যোগ দিয়েছে আরো প্রায় ১০টি জাহাজ।

এদিকে, সিরিয়ার বিমানবাহিনীও আলেপ্পোয় সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এতে আলেপ্পোয় সন্ত্রাসীদের সরবরাহ ডিপো ধ্বংস হয়। গত ১৮ অক্টোবর থেকে আলেপ্পো শহরে রাশিয়া ও সিরিয়া বিমান হামলা বন্ধ রেখেছিল। এরপর আজ প্রথম এ বিমান হামলার কথা নিশ্চিত করল সিরিয়ার একটি বিশেষ সূত্র। অবশ্য, হামলা চালানোর আগে সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসীদের দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলের নাগরিকদের সংক্ষিপ্ত বার্তা দিয়েছে এবং তাতে সন্ত্রাসীদের শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। যেসব সন্ত্রাসী আলেপ্পো ছেড়ে চলে যাবে বার্তায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫