মহড়ায় অংশগ্রহণকারী চীনা রণতরী পরিদর্শন করেন পাক নৌবাহিনী প্রধান
পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ জাকাউল্লাহ দ্বিপক্ষীয় যৌথ মহড়ায় অংশগ্রহণকারী চীনা রণতরী হানদান পরিদর্শন করেছেন। চলমান যৌথ নৌমহড়ায় অংশ নেয়ার জন্য চীনা নৌবাহিনীর রণতরী পাকিস্তানের বন্দরনগরী করাচি সফর করছে।
গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ মহড়া আজ শেষ হয়েছে। ব্যাপক ভিত্তিক এ মহড়ায় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র নিরাপত্তাকে বিশেষ প্রাধান্য দেয়া হয়েছে। জাকাউল্লাহ গতকাল চীনা রণতরী হানদান পরিদর্শন করেন।
চলতি বছর এ নিয়ে তৃতীয় দফা মহড়ায় অংশ নিল চীন ও পাকিস্তান। পাক নৌবাহিনী প্রধান বলেন, নিয়মিত মহড়ার মাধ্যমে চীন ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরো বাড়বে । এ ছাড়া, এ দুই নৌবাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে পারবে।
কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে যখন পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে তখন এ মহড়া অনুষ্ঠিত হলো। এ ছাড়া, মহড়া চলাকালে ভারতীয় ডুবোজাহাজের পাকিস্তানের পানিসীমায় ঢোকার চেষ্টা রুখে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ। ভারত অবশ্য এ দাবি নাকচ করে দিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২১