‘ট্রাম্পের ফোনের পরই থেমে যায় ভোটাভুটি’
https://parstoday.ir/bn/news/world-i29005-ট্রাম্পের_ফোনের_পরই_থেমে_যায়_ভোটাভুটি’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনের পরই  ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা মিশরের প্রস্তাবটি স্থগিত করে দেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি। ফোনালাপে ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, এ প্রস্তাবের বিরুদ্ধে আমেরিকার সুস্পষ্ট অবস্থান রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ১৫:২৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনের পরই  ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা মিশরের প্রস্তাবটি স্থগিত করে দেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি। ফোনালাপে ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, এ প্রস্তাবের বিরুদ্ধে আমেরিকার সুস্পষ্ট অবস্থান রয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধ করার দাবিতে নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব তুলেছিল মিশর। গতকাল (বৃহস্পতিবার) এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রস্তাবটি স্থগিত করে কায়রো।

এ সম্পর্কে মিশরের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- ডোনাল্ড ট্রাম্প মিশরের তোলা প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট সিসিকে ফোন করেন এবং এ সময় দু নেতা আমেরিকার নতুন প্রশাসনকে ফিলিস্তিনি ইস্যুতে চূড়ান্ত সমাধানের জন্য আরো সময় দেয়ার বিষয়ে একমত হন। প্রস্তাবটি তোলার পর ইহুদিবাদী ইসরাইল নিরাপত্তা পরিষদে ভোটাভুটি বন্ধের জন্য মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

এদিকে, মিশর এ প্রস্তাব স্থগিত করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নিউজিল্যান্ড, ভেনিজুয়েলা, মালয়েশিয়া ও সেনেগাল কায়রোকে এ বিষয়ে আল্টিমেটাম দিয়েছে। এ দেশগুলো বলেছে, মিশর যদি প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে না তোলে তাহলে তারা নিজেরাই বিষয়টি উত্থাপন করবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩