ভারতের অগ্নি-৫ পরীক্ষা: কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চীনের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i29434-ভারতের_অগ্নি_৫_পরীক্ষা_কৌশলগত_ভারসাম্য_বজায়_রাখতে_চীনের_আহ্বান
চীন বলেছে, দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে চায় বেইজিং। ভারতের অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালানোর পর এ মন্তব্য করেছে চীন। অবশ্য চীনের মন্তব্যে পাকিস্তানের নাম উল্লেখ করা হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৬ ১৪:৫০ Asia/Dhaka
  • অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র
    অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র

চীন বলেছে, দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে চায় বেইজিং। ভারতের অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালানোর পর এ মন্তব্য করেছে চীন। অবশ্য চীনের মন্তব্যে পাকিস্তানের নাম উল্লেখ করা হয় নি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  হুয়া চুন ইং এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।এ সময় ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বক্তব্যও তুলে ধরেন হুয়া চুন ইং। তিনি বলেন, ভারত অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার খবর দেখেছে চীন। তিনি আরো বলেন, ভারত পরমাণু অস্ত্রবহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে কিনা সে বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারে পরিষ্কার করে বলা হয়েছে। 

গত সোমবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৫,০০০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র দিয়ে পুরো এশিয়া এবং আফ্রিকা ও ইউরোপের কোনো কোনো অংশে হামলা চালানো যাবে বলে ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন।

চীনকে অন্যতম প্রধান শত্রু দেশ মনে করে ভারত। সীমান্তসহ নানা বিষয় নিয়ে দেশটির সঙ্গে দিল্লির টানাপড়েন রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫