পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ৭২, দায়েশের দায় স্বীকার
পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি মাজারে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ৭০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য লিয়াকত মেডিকেল কমপ্লেক্স জামশরো ও সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা সাব্বির সেথার বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, সিদ্ধু প্রদেশের শেহওয়ান এলাকার ইন্দুস মহাসড়কের কাছে লাল শাহবাজ কালান্দার মাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। তবে অনেকেই গুরুতর আহত হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে।
শেহওয়ান এলাকার সহকারী এসপি বলেন, আত্মঘাতী সন্ত্রাসী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করে। প্রথমে একটি গ্রেনেড ছোড়ার পর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। তবে ছুড়ে দেয়া গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিকান্দার মান্দ্রো জানান, ওই মাজারে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা ও উদ্ধারকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
এদিকে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এই হামলায় দায়িত্ব স্বীকার করেছে বলে তাদের পরিচালিত আমাক নিউজ এজেন্সি জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বর্বরোচিত এই হামলার নিন্দা জানিয়েছেন।
এ ঘটনায় দেশটির সেনাবাহিনীর স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া আহত সাধারণ নাগরিকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বছরের ১২ নভেম্বর বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার শাহ নুরানি মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটে ঘটে। ওই হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১০২ জন আহত হন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭