রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতে যাওয়ার হুমকি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i36834-রাশিয়ার_বিরুদ্ধে_কূটনৈতিক_সংঘাতে_যাওয়ার_হুমকি_দিলেন_মার্কিন_প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস রাশিয়ার বিরুদ্ধে ‘সংঘাতে’ যাওয়ার হুমকি দিয়েছেন। আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসন তালেবানকে অস্ত্র সরবরাহের জন্য মস্কোকে অভিযুক্ত করার পর এ হুমকি দিলেন ম্যাটিস।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৫, ২০১৭ ১৪:০০ Asia/Dhaka
  • জেনারেল নিকোলসনের (বামে) সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাটিস
    জেনারেল নিকোলসনের (বামে) সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাটিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস রাশিয়ার বিরুদ্ধে ‘সংঘাতে’ যাওয়ার হুমকি দিয়েছেন। আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসন তালেবানকে অস্ত্র সরবরাহের জন্য মস্কোকে অভিযুক্ত করার পর এ হুমকি দিলেন ম্যাটিস।

সোমবার কাবুলে ম্যাটিসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নিকোলসন বলেন, ক্রেমলিন তালেবানকে অস্ত্র দিচ্ছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা থেকে তিনি সরে যাবেন না।  তিনি আরো বলেন, “আমরা এ ধরনের সহায়তা দেয়ার খবর প্রতিনিয়ত পাচ্ছি।”

মার্কিন জেনারেল বলেন, “আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কাজে যদি কেউ সহায়তা করে তাহলে আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু দু’দিন আগে মাজার শরীফে চালানো ভয়াবহ হামলার পুনরাবৃত্তি করার কাজে যারা সহায়তা দিচ্ছে তারা আফগানিস্তানে শান্তি চায় না।”

এর আগে সোমবারই নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সেনা কর্মকর্তা দাবি করেছিলেন, গত ১৮ মাস ধরে রাশিয়া তালেবানকে মেশিনগানসহ অন্যান্য মাঝারি ধরনের অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তিনি আরো দাবি করেন, পূর্ব আফগানিস্তানে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে এসব অস্ত্র দিচ্ছে রাশিয়া।

এই দাবির সূত্র ধরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানের সরকার ছাড়া অন্য কোনো মাধ্যমে দেশটিতে অস্ত্র সরবরাহ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।  এর বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে ‘কূটনৈতিক সংঘাতে’ যাওয়ার ঘোষণা দেন ম্যাটিস।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫