পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সফর বাতিল করল পাকিস্তান ক্রিকেট বোর্ড
https://parstoday.ir/bn/news/world-i36912-পাল্টা_পদক্ষেপ_হিসেবে_বাংলাদেশ_সফর_বাতিল_করল_পাকিস্তান_ক্রিকেট_বোর্ড
পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী জুলাই-আগস্টে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাক ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তাজনিত ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় এ সফর বাতিল করল পিসিবি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৭, ২০১৭ ০৭:২৬ Asia/Dhaka
  • পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান
    পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান

পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী জুলাই-আগস্টে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাক ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তাজনিত ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় এ সফর বাতিল করল পিসিবি।

গতকাল (বুধবার) দুবাইয়ে আইসিসির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি জানিয়েছেন, ‘আমরা কোনো প্রকার সফর বিনিময় ছাড়াই দু’বার বাংলাদেশ সফরে গেছি। তাই এবার বাংলাদেশকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। মনে হয় না আমাদের টানা তৃতীয়বারের মত দেশটিতে যাওয়া ঠিক হবে। তাই পিসিবি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের কোনো এক সময়ের জন্য এই সফর নিয়ে আলোচনা করা যেতে পারে।’

সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। ওইবার পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলে টাইগাররা। এরপর ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান বাংলাদেশকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানালেও নিরাপত্তাজনিত কারণে সিরিজগুলো খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এর ফলে বিসিবির কাছ থেকে তিন লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণও পেয়েছে পাকিস্তান।

আগামী জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিসিবিকে প্রস্তাব দেয় পিসিবি। তবে দেশটির নিরাপত্তাব্যবস্থা নাজুক হওয়ায় পিসিবির প্রস্তাব ফিরিয়ে দেয় বাংলাদেশ। অবশ্য নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হলে পাকিস্তানের প্রস্তাব ভেবে দেখার কথা জানায় বিসিবি। এই সিরিজের জন্য পাকিস্তানের ক্ষতিপূরণ দিতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সফর বাতিল করল পাকিস্তান।

পাকিস্তানের সফর বাতিলের ঘোষণার মাধ্যমে দুই দেশের ক্রিকেট বোর্ড সম্পর্কে নেমে আসতে পারে শীতলতা। সাবেক পিসিবি প্রধান জাকা আশরাফের সময়ে পিসিবি-বিসিবি সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। দুই দলের সম্পর্কের ফাটলের জেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে নাও আসতে পারেন পাকিস্তানি ক্রিকেটাররা।#

পার্সটুডে/এআর/২৭