সম্পর্ক উষ্ণ করতে রাশিয়ায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ২০১৫ সালের পর প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে মস্কো এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যখন শীতল সম্পর্ক বিরাজ করছে তখন দুই দেশের শীর্ষ পর্যায়ে আবারো সংলাপ শুরু হতে যাচ্ছে।
আজ (মঙ্গলবার) কৃষ্ণ সাগরের সোচি অবকাশ যাপন কেন্দ্রে দুই নেতা আলোচনায় মিলিত হবেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। পুতিন এবং মার্কেলের মধ্যে আলোচনায় সিরিয়ার চলমান সংঘাতময় পরিস্থিতি এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে বিরাজমান সংকট স্থান পাবে বলে মনে করা হচ্ছে।
গত মাসে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন মস্কো-বার্লিন সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করার যে আহ্বান জানিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে দুই নেতার মধ্যে বৈঠকের খবর এলো।
ইউক্রেন সংকটকে কেন্দ্র করে জার্মানি এবং রাশিয়ার মধ্যকার অবনতিশীল সম্পর্ক যখন শীতল যুদ্ধের পর্যায়ের নীচে নেমে এসেছে বলে মনে করা হচ্ছিল তখন জার্মানি এবং রাশিয়ার শীর্ষ নেতারা আবার আলোচনা শুরু করলেন। ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশভাষী অঞ্চলে বিক্ষোভকারীদের দমন করার লক্ষ্যে কিয়েভ সামরিক অভিযান চালালে সেখানে রুশপন্থি অস্ত্রধারী এবং ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এছাড়া, সে সময় ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী ক্রিমিয়া প্রজাতন্ত্র গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনে যোগ দিলে মস্কো এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে।#
পার্সটুডে/বাবুল আখতার/২