দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ; চীনা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ
-
মার্কিন যুদ্ধজাহাজ (ফাইল ফটো)
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের কাছে যুদ্ধজাহাজ চালিয়ে এক ধরনের মহড়া দিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের আমলে দক্ষিণ চীন সাগরে এই প্রথম এমন কোনো তৎপরতা চালালো মার্কিন বাহিনী এবং এর মাধ্যমে ওই এলাকায় উত্তেজনা বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
মার্কিন জাহাজটি স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ নটিক্যালের মধ্যে চলে আসে। নাম প্রকাশে কয়েকজন মার্কিন কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন। কথিত ‘জাহাজ চলাচলের স্বাধীনতা’র নামে এ অভিযান চালায় মার্কিন নৌ সেনারা। এ ঘটনায় চীন নিশ্চিতভাবে ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে। কারণ, জাতিসংঘ কনভেনশন অনুযায়ী, প্রতিটি দেশের সমুদ্র উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল হচ্ছে সেই দেশের নিজের সীমানা।
এদিকে, চীন আজ (বৃহস্পতিবার) বলেছে, বেইজিংয়ের বিনা অনুমতিতে মার্কিন যুদ্ধজাহাজ তার পানি সীমায় ঢুকেছে এবং মার্কিন জাহাজকে চীনের পানি সীমা থেকে বেরিয়ে যাওয়ার জন্য সে সময় চীনা জাহাজ সতর্ক সংকেত দেয়। মাসিক সংবাদ ব্রিফিংয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গুয়োকিয়াং জানান, বিষয়টি নিয়ে বেইজিং আমেরিকার কাছে এরইমধ্যে লিখিত প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের তৎপরতার ফলে এ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫