সৌদি-মার্কিন অস্ত্র চুক্তি কেন ইসরাইলের জন্য লাভজনক?
সৌদি আরব ও আমেরিকার অস্ত্র চুক্তি তেল আবিবের জন্যও লাভজনক বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের অর্থনীতি বিষয়ক বিখ্যাত পত্রিকা 'দি মার্কার'। পত্রিকাটি লিখেছে, আমেরিকা সৌদি আরবের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের যে অস্ত্র চুক্তি করেছে তার ভাগ পাবে ইসরাইলি অস্ত্র কোম্পানিগুলোও।
এর ব্যাখ্যা দিতে গিয়ে পত্রিকাটি জানিয়েছে, আমেরিকার যেসব অস্ত্র নির্মাণ কোম্পানি সৌদি আরবের জন্য অস্ত্র তৈরি করবে সেসব কোম্পানির সঙ্গে ইসরাইলের অনেক অস্ত্র কোম্পানির চুক্তি রয়েছে এবং ইসরাইলি কোম্পানিগুলোও ওই চুক্তির আওতায় সৌদি আরবের জন্য অস্ত্র তৈরি করে দেবে। ইসরাইলি কোম্পানিগুলো প্রকৃতপক্ষে সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে।
ইসরাইলি পত্রিকাটি আরও লিখেছে, সৌদি-মার্কিন অস্ত্র চুক্তির ফলে ইসরাইলি কোম্পানিগুলোর উৎপাদন বেড়ে যাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে।
দি মার্কার পত্রিকা উদাহরণ হিসেবে মার্কিন লকহিড মার্টিন কোম্পানির নাম উল্লেখ করে লিখেছে, লকহিড কোম্পানির সঙ্গে ইসরাইলের রাফায়েল কোম্পানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। লকহিড মার্টিন কোম্পানি ইসরাইলের রাফায়েল কোম্পানির মার্কেটিং'র ক্ষেত্রে সহযোগিতা করে থাকে বলে পত্রিকাটি জানিয়েছে।
দখলদার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে 'দি মার্কার' জানিয়েছে, সৌদি-মার্কিন চুক্তির ফলে আমেরিকায় ইসরাইলি কোম্পানিগুলোর দর কষাকষির ক্ষমতা বাড়বে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯