কৃত্রিম গ্রাম নির্মাণ করে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে ইসরাইল
-
কৃত্রিম গ্রামে প্রশিক্ষণ নিচ্ছে ২ ইসরাইলি সেনা
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী লেবাননের গ্রামে মতো কৃত্রিম গ্রাম নির্মাণ করছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ্র সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরাইলি সেনাদের প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে এ গ্রাম তৈরি করা হচ্ছে।
সামরিক বিবৃতির বরাত দিয়ে ইসরাইলি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, অধিকৃত গোলান উপত্যকায় এ প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। কৃত্রিম গ্রামটিতে ঢোকার অনেকগুলো রাস্তা থাকবে। হিজবুল্লাহর কমান্ড এবং কন্ট্রোল সদর দফতরের অনুরূপ চৌকিও এতে বসানো হবে। এ ছাড়া, এতে থাকবে আবাসিক ভবন, মসজিদ এবং সরকারি ভবন।
কৃত্রিম গ্রামে ট্যাংক নিয়ে ঢোকার এবং তাজা গুলি ব্যবহার করার সুযোগ থাকবে। ইসরাইলের ব্রিগেডিয়ার জেনারেল আইন্যাভ শ্যালেভ বলেন, নগর যুদ্ধ এবং ভূগর্ভস্থ লড়াইয়ের জন্য ইসরাইলি সেনাদের এখানে প্রস্তুত করে তোলা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের এক সেনা কর্মকর্তা বলেছেন, আগামী বছর এ কেন্দ্রকে কার্যকর করার পরিকল্পনা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এ ছাড়া, এরকম আরো তিনটি কেন্দ্র তৈরি করা হবে বলেও জানান তিনি।।#
পার্সটুডে/মূসা রেজা/৩০