‘আফগানিস্তানের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে পাকিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i39566-আফগানিস্তানের_বিরুদ্ধে_অঘোষিত_যুদ্ধ_শুরু_করেছে_পাকিস্তান’
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ শুরু করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। রাজধানী কাবুলে গত সপ্তাহে কয়েকটি ভয়াবহ বোমা হামলার পর এসব হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করলেন প্রেসিডেন্ট গনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৭ ০৪:৩৪ Asia/Dhaka
  • শান্তি সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট আশরাফ গনি
    শান্তি সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ শুরু করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। রাজধানী কাবুলে গত সপ্তাহে কয়েকটি ভয়াবহ বোমা হামলার পর এসব হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করলেন প্রেসিডেন্ট গনি।

কাবুলে প্রায় ২৪টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক শান্তি সম্মেলনে মঙ্গলবার এ অভিযোগ তোলেন আফগান প্রেসিডেন্ট। তিনি রাষ্ট্র-নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদ বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য গোটা বিশ্বের প্রতি আহ্বান জানান।

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক গ্রিন জোনে গত বুধবার ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ৪৫০ জনের বেশি লোক আহত হয়।  আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা এনডিএস ওই হামলার জন্য হক্কানি সন্ত্রাসী নেটওয়ার্ককে দায়ী করে।  

জালালুদ্দিন হক্কানির প্রতিষ্ঠিত এই জঙ্গি নেটওয়ার্কের তৎপরতা পাকিস্তান ও আফগানিস্তানে বিস্তৃত। কাবুল অভিযোগ করে, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এই সন্ত্রাসী নেটওয়ার্ককে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

বুধবারের ভয়াবহ হামলার পর শনিবার আফগানিস্তানে সিনিয়র আফগান রাজনীতিবিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি দাফন অনুষ্ঠানে আবার বোমা হামলা হয়। ওই হামলা থেকে দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান।  আফগান সরকার অভিযোগ করে, পাকিস্তানে ‘ধর্মান্ধ ওয়াহাবি’দের পরিচালিত মাদ্রাসায় প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীরা শনিবারের ওই হামলা চালিয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ আফগানিস্তানের এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭