চীনা নৌবাহিনী ঠেকাতে সুপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত হবে জাপানি যুদ্ধবিমান
চীনের নৌবাহিনীর পক্ষ থেকে বেড়ে চলা হুমকি ঠেকাতে জাপানের জঙ্গিবিমানকে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন 'সুপারসনিক' ক্ষেপণাস্ত্র সজ্জিত করা হবে। এ খবর দিয়েছে জাপানের সংবাদপত্র ইউমিউরি শিম্বুন।
পূর্ব চীন সাগরসহ অন্যান্য এলাকায় জাপান এ ধরণের হুমকির মুখে পড়ছে বলে খবরে দাবি করা হয়েছে। জাহাজ বিধ্বংসী এক্সএএসএম-৩ ক্ষেপণাস্ত্র এখনো নির্মাণাধীন রয়েছে। আগামী অর্থ বছরের মধ্যে এরকম শত শত ক্ষেপণাস্ত্রের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের অনুরোধ করছে জাপানের সামরিক পরিকল্পনাকারীরা। দৈনিকটি বলেছে, মিৎসুবিশি এফ-২ জঙ্গিবিমানে দু’টি করে এ ক্ষেপণাস্ত্র বসানো হবে।
এছাড়া, এফ-৩৫ যুদ্ধবিমানের জন্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র সংগ্রহের চেষ্টা করছে টোকিও। মার্কিন লকহিড মার্টিনের কাছ থেকে এফ-৩৫ বিমান কেনার চুক্তি করেছে বা কিনতে সম্মত হয়েছে জাপান। জাপানের কাছে ৪২টি এফ-৩৫এস বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা।#
পার্সটুডে/মূসা রেজা/১