কূটনীতিক বহিষ্কারের ঘটনায় পুতিনকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
-
প্রেসিডেন্ট পুতিন (বামে) ও ডোনাল্ড ট্রাম্প
রাশিয়া থেকে শত শত কূটনীতিক বহিষ্কারের নির্দেশ দেয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের সর্বশেষ নিষেধাজ্ঞার জবাবে এ ব্যবস্থা নিয়েছে মস্কো।
আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে নিযুক্ত ৭৫৫ জন কূটনীতিককে আমেরিকায় ফিরে যেতে হবে। আধুনিক বিশ্বে এর আগে এত বিপুল সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করার ঘটনা আর ঘটে নি।
নিউ জার্সিতে গল্ফ কমপ্লেক্সে অবকাশযাপনে থাকা ট্রাম্প গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিকদের বলেন, এ ঘটনার জন্য পুতিনকে ধন্যবাদ জানাতে চান তিনি। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মার্কিন সরকারের বেতন ভাতা খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে তার প্রশাসন। মার্কিন কূটনীতিবিদদের বহিষ্কারের ফলে বেতন খাতে ব্যয় কমাতে সহায়তা করবে। পুতিনের এ নির্দেশের ফলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারবে মার্কিন সরকার।
এদিকে, মার্কিন কূটনীতিবিদের বহিষ্কারের বিষয়ে প্রেসিডেন্ট পুতিন রুশ সরকারি টেলিভিশনকে বলেছিলেন, “রাশিয়ার মাটিতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে এক হাজারের বেশি ব্যক্তি কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৭৫৫ জনকে তাদের কর্মকাণ্ড বন্ধ করতে হবে।” এতে রাশিয়ায় মার্কিন কূটনীতিবিদের সংখ্যা ৪৫৫ জনে নেমে আসবে। আর আমেরিকায় বর্তমানে রাশিয়ার ৪৫৫ জন কূটনীতিক কর্মরত রয়েছেন। পুতিন বলেন, তিনি আমেরিকার বিরুদ্ধে এর চেয়েও কঠিন ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু ‘আপাতত এতটুকুতেই সন্তুষ্ট’ থাকছেন।#
পার্সটুডে/মূসা রেজা/১১