পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে পাল্টা তলব
https://parstoday.ir/bn/news/world-i48136-পাকিস্তানে_নিযুক্ত_বাংলাদেশি_হাইকমিশনারকে_পাল্টা_তলব
‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ ভাষা ব্যবহার করার অভিযোগে ইসলামাবাদ নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে ইতিহাস বিকৃত করে তৈরি ভিডিও প্রচারের অভিযোগে বাংলাদেশের প্রতিবাদ জানানোর পর পাল্টা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। 
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ২৩:২১ Asia/Dhaka
  • ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান
    ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান

‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ ভাষা ব্যবহার করার অভিযোগে ইসলামাবাদ নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে ইতিহাস বিকৃত করে তৈরি ভিডিও প্রচারের অভিযোগে বাংলাদেশের প্রতিবাদ জানানোর পর পাল্টা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। 

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘উৎস স্পষ্ট নয় এমন একটি ঘটনা নিয়ে প্রতিবাদলিপিতে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দের ব্যবহার নিয়ে প্রতিবাদ জানাতে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে তলব করা হয়। মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) ড. ফয়সাল হাশমি এ বিষয়ে প্রতিবাদলিপি তুলে ধরেন।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘তৃতীয় পক্ষের শেয়ার করা একটি ভিডিও এর দায়ভার ঢাকায় পাকিস্তান হাইকমিশনকে দেওয়া যায় না।’ 

পাক হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকী

সম্প্রতি ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওতে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে –এমন অভিযোগ এনে ঢাকায় পাকিস্তান হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীর হাতে বাংলাদেশের প্রতিবাদলিপি তুলে দিয়ে ‘ইতিহাস বিকৃতির এই চেষ্টার’ বিষয়ে সতর্ক করে দেন পররাষ্ট্র সচিব (বাইলেটারাল ও কনস্যুলার) কামরুল আহসান। 

একই সঙ্গে ওই প্রতিবাদলিপিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে ‘অসৎ উদ্দেশ্যে বিভ্রান্তিকর’ ভিডিও প্রচারের ঘটনায় ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলা হয়।

তলবে সাড়া দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে পাকিস্তান হাইকমিশনার রফিউজ্জামান বলেন, ‘নো কমেন্টস।’ 

তবে সচিব কামরুল আহসান সাংবাদিকদের বলেছিলেন, ভিডিও প্রকাশ হওয়ার বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার দুঃখ প্রকাশ করে বলেছেন, ভিডিওটি তাদের ফেইসবুক পেইজ থেকে সরিয়ে ফেলা হয়েছে।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪