'জাপানে মার্কিন সেনারা অ্যালকোহল ব্যবহার করতে পারবে না'
-
মার্কিন সেনার ট্রাকের আঘাতে ক্ষতিগ্র্রস্ত জাপানি চালকের গাড়ি
জাপানে মোতায়েন মার্কিন সেনাদের অ্যালকোহল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় তারা অ্যালকোহল কিনতে ও ব্যবহার করতে পারবে না। জাপানের ওকিনাওয়া দ্বীপে মাতাল অবস্থায় এক মার্কিন মেরিন সেনা গাড়ি চালাতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্ম দিলে এ নিষেধাজ্ঞা জাারি করা হয়।
গতকাল (রোববার) শেষ বেলায় ওকিনাওয়ার নাহা এলাকায় ২০ বছর বয়সী নিকোলাস জেমস ম্যাকলিন নামের এ সেনা একটি ট্রাক নিয়ে আরেকটি গাড়ির ওপর তুলে দেয়। এতে ওই গাড়ির চালক ৬১ বছর বয়সী হিদেমাশা তাইরা নিহত হন। ম্যাকলিন মাতাল অবস্থায় ছিল এবং সে রাস্তার উল্টো দিক দিয়ে ট্রাকটি চালাচ্ছিল। দুর্ঘটনায় সে সামান্য আহত হয়েছে। ওকিনাওয়া পুলিশের কর্মকর্তা কাজুহিকো মিয়াগি এ খবর নিশ্চিত করেছেন।
মিয়াগি বলেন, জেমস ম্যাকলিনের এ ঘটনা একথাই প্রমাণ করছে যে, মার্কিন সেনাদের মধ্যে অ্যালকোহল ব্যবহারের পরিমাণ বৈধ মাত্রার চেয়ে তিনগুণ। প্রাণঘাতী দুর্ঘটনার পর জাপান সরকার দুঃখ প্রকাশ করেছে এবং এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মার্কিন সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০