হুদায়দা বন্দরে সৌদি আগ্রাসন: উদ্বেগ জানালো জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i59194-হুদায়দা_বন্দরে_সৌদি_আগ্রাসন_উদ্বেগ_জানালো_জাতিসংঘ
ইয়েমেনের হুদায়দা বন্দর এলাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক আগ্রাসনের কারণে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। সংস্থার প্রধান জেইদ রা’দ আল-হুসেইন উদ্বেগ জানিয়ে বলেছেন, এ অভিযানের কারণে কয়েক মিলিয়ন বেসামরিক নাগরিকের জীবন বিপদের মুখে পড়তে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০১৮ ১৭:৪৫ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসন রুখে দেয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা
    সৌদি আগ্রাসন রুখে দেয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা

ইয়েমেনের হুদায়দা বন্দর এলাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক আগ্রাসনের কারণে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। সংস্থার প্রধান জেইদ রা’দ আল-হুসেইন উদ্বেগ জানিয়ে বলেছেন, এ অভিযানের কারণে কয়েক মিলিয়ন বেসামরিক নাগরিকের জীবন বিপদের মুখে পড়তে পারে।

হুদায়দা এলাকায় সৌদি আরব ও তার মিত্ররা কয়েকদিন ধরে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে রা’দ আল-হুসেইন এ উদ্বেগ জানালেন। তিনি বলেন, “হুদায়দার ওপর সৌদি আরব ও আমিরাতের নেতৃত্বাধীন জোটের চলমান হামলায় আমি গভীর উদ্বেগ জানাচ্ছি। এ হামলা অগণিত বেসামরিক লোকের জীবনহানি ঘটাবে এবং হুদায়দা বন্দরের মাধ্যমে যেসব ত্রাণ আসে তা না আসতে পারায় কয়েক মিলিয়ন মানুষের জীবনকে বিপদাপন্ন করে তুলবে।”

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের উদ্বোধনী অধিবেশনে রা’দ  আল-হুসেইন এসব কথা বলেন। সেখানে তিনি ইয়েমেনসহ বিশ্ব মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক একটা চিত্র তুলে ধরেন।

এদিকে, আজ (সোমবার) হুদায়দা এলাকায় সৌদি সেনারা অ্যাপচি হেলিকপ্টার দিয়ে হুথি অবস্থানে হামলা চালায়। যুদ্ধের তীব্রতায় বেসামরিক লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। গত তিন বছরের মধ্যে হুদায়দা এলাকায় চলছে সবচেয়ে বড় ধরনের যুদ্ধ। হুথি যোদ্ধারা হুদায়দা বন্দর হারালে তা হবে তাদের জন্য বড় পরাজয় কারণ এ বন্দর থেকে রাজধানী সানায় হুথি যোদ্ধাদের জন্য রসদ সরবরাহ করা হয়। এছাড়া, শতকরা ৭০ ভাগ বেসামরিক লোকজনের জন্য খাদ্য এবং ওষুধের যোগান আসে এ বন্দরের মাধ্যমে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮