সুইডেনকে হারিয়ে ২৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i59892-সুইডেনকে_হারিয়ে_২৮_বছর_পর_সেমিফাইনালে_ইংল্যান্ড
সুইডেনকে ২-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাল ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১৯৯০ সালে সর্বশেষ শেষ চারে খেলেছিল ইংলিশরা। ইতালির কাছে হেরে সেবার চতুর্থ হয়েছিল তারা।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুলাই ০৭, ২০১৮ ২৩:২২ Asia/Dhaka
  • হ্যারি কেইনের নেতৃত্বে ইংল্যান্ড দলের উল্লাস
    হ্যারি কেইনের নেতৃত্বে ইংল্যান্ড দলের উল্লাস

সুইডেনকে ২-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাল ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১৯৯০ সালে সর্বশেষ শেষ চারে খেলেছিল ইংলিশরা। ইতালির কাছে হেরে সেবার চতুর্থ হয়েছিল তারা।

আজ (শনিবার) সামারায় অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে প্রথম সাফল্য পায় ইংল্যান্ড। দলকে প্রথমে এগিয়ে দেন ডিফেন্ডার হ্যারি মাগুইরে। কর্নার থেকে পাওয়া বলে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল।

প্রথমার্ধে ইংল্যান্ড ৫৯ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করে। ৪১ শতাংশ সময় সুইডেনের পায়ে বল ছিল। এই ৪৫ মিনিটে ইংল্যান্ড পাস খেলে ২৯০টি। সুইডেন ২০৩টি।

ইংল্যান্ড-সুইডেন খেলার একটি দৃশ্য

দ্বিতীয়ার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে খেলা শুরু করে ইংলিশরা। সুইডেন শিবির আক্রমণের ধার বাড়ালেও একে একে সব আক্রমণ নষ্ট করে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফর্ড।

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে ব্যবধান ২-০ করে ইংল্যান্ড। বক্সের ডানদিক থেকে জেসি লিঙ্গার্ডের তুলে দেয়া বলে আনমার্ক ডেলে আলি হেসেখেলে জালে জড়িয়ে দেন। এই গোলের মাধ্যমে ১৯৬৬ সালে নিজেদের তৈরি করা রেকর্ড ছুঁয়ে ফেলে ইংলিশ শিবির। সেইবারের চ্যাম্পিয়ন দলটি মোট গোল করেছিল ১১টি।

ম্যান অব দ্যা ম্যাচ ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফর্ড

শেষ পর্যন্ত দল দুটি বেশ কয়েকটি বার সুযোগ পেলেও ২-০ গোলেই ম্যাচ শেষ হয়। অবশ্য সুইডেন দু’একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তাই হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হয় তাদের। গ্রুপ পর্ব এবং শেষ ষোলোতে বেশ ভালোই খেলেছিল সুইডেন। কিন্তু শেষ আটে সে দলটিকে মোটেও খুঁজে পাওয়া যায়নি কোয়ার্টার ফাইনালে। সুইডেন ১৯৯৪ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলল #

পার্সটুডে/আশরাফুর রহমান/৭