পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হলেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i63590-পাকিস্তানের_২২তম_প্রধানমন্ত্রী_হলেন_ইমরান_খান
ইমরান খান আজ (শুক্রবার) পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। পাক সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে অধিকাংশ সদস্য পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রধানের পক্ষে ভোট দেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৭, ২০১৮ ১৫:৩৩ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

ইমরান খান আজ (শুক্রবার) পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। পাক সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে অধিকাংশ সদস্য পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রধানের পক্ষে ভোট দেন।

ইমরান খান ১৭৬ ভোট পেয়েছেন বলে ঘোষণা করেন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এনের প্রধান শাহবাজ শরিফ পেয়েছেন ৯৬ ভোট। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভোটদানে বিরত ছিল। এছাড়া, মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) এবং জামায়াত-ই-ইসলামিও প্রধানমন্ত্রী নির্বাচনে কাউকে ভোট দেয়নি।

পাকিস্তান সংসদ

গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করে পিটিআই। নির্বাচনে পিটিআই লাভ করে ১১৬টি আসন। মুসলিম লিগ (নওয়াজ) ৬৪টি, পিপিপি ৪৩টি আসন লাভ করে। সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি পিটিআই। তবে পার্লামেন্টে ছোট দলগুলোর সমর্থন পেয়েছেন ইমরান।  

গত ১৩ আগস্ট পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্যরাই গত বুধবার নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করেন।    

পিটিআইয়ের নেতা আসাদ কায়সার পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। তাঁর ডেপুটি নির্বাচিত হন কাসিম সুরি। তিনিও পিটিআইয়ের নেতা।

৬৫ বছর বয়সি ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আগামীকাল শনিবার।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৭