‘রাজত্ব’ হারালেন মেসি-রোনালদো: ব্যালন ডি’অর জিতলেন মদ্রিচ
https://parstoday.ir/bn/news/world-i66328-রাজত্ব’_হারালেন_মেসি_রোনালদো_ব্যালন_ডি’অর_জিতলেন_মদ্রিচ
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর এক দশকের আধিপত্যের অবসান ঘটিয়ে ২০১৮ সালের ব্যালন ডি’অর জয় করলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৮ ১২:১৭ Asia/Dhaka
  • সর্বোচ্চ ৭৫৩ পয়েন্ট নিয়ে ব্যালন ডি’অর ট্রফি জিতলেন লুকা মদ্রিচ
    সর্বোচ্চ ৭৫৩ পয়েন্ট নিয়ে ব্যালন ডি’অর ট্রফি জিতলেন লুকা মদ্রিচ

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর এক দশকের আধিপত্যের অবসান ঘটিয়ে ২০১৮ সালের ব্যালন ডি’অর জয় করলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।

গতকাল (সোমবার) প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মদরিচের হাতে তুলে দেয়া হয় বিশ্বজুড়ে ক্রীড়া সাংবাদিকদের ভোটে ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর এই পুরস্কার। সর্বোচ্চ ৭৫৩ পয়েন্ট নিয়ে তিনি এই ট্রফি জিতলেন। ৪৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রোনালদো এবং ৪১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় গ্রিজমান। ৩৪৭ পয়েন্ট নিয়ে গ্রিজমানের পর চতুর্থ কিলিয়ান এমবাপ্পে। ২০০৭ সালের পর এবারই প্রথমবারের মতো শীর্ষ তিনের বাইরে ছিটকে পড়েছেন মেসি। পঞ্চম হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

 ব্যালন ডি’অর ট্রফি হাতে লুকা মদ্রিচ

ট্রফি জয়ের পর এক প্রতিক্রিয়া মদ্রিচ বলেন, ‘এর আগে বেশ কয়েকজন এ পুরস্কার জয়ের যোগ্য ছিল। ইনিয়েস্তা, জাভি কিংবা স্নেইডারের কথাই ধরুন। এই ট্রফি সেই সব খেলোয়াড়দের প্রতি যাঁরা যোগ্য হয়েও জিততে পারেনি। এ বছরটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’

এর আগে আগস্টে রোনালদো ও মিশরের মোহামেদ সালাহকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটিও নিজের করে নেন মদ্রিচ। এর ঠিক পরের মাসেই এই দুজনকেই পেছনে ফেলে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন তিনি। এসব পুরস্কার জয়ের পর ব্যালন ডি’অর জয় অনুমিতই ছিল। বাকি ছিল শুধু ঘোষণার। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রফি দেওয়ার কয়েক ঘণ্টা আগেই ফাঁস হয়ে যায় কে কত ভোট পেয়েছেন, সেই তালিকায়। সেখানে মদরিচই ছিলেন বিজয়ী।

ক্রোয়েশিয়ান এই ফুটবলারের গুরুত্বপূর্ণ অবদানেই গত মৌসুমে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও তুলে ধরেন মদ্রিচ। এ ছাড়া ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো তুলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। রাশিয়ায় বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ও জিতেছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন