সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো জার্মানি
মার্চ ২৯, ২০১৯ ১২:৪৯ Asia/Dhaka
-
জার্মান চান্সেলর ও সৌদি রাজা
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে জার্মানি। জার্মানির সব ধরনের অস্ত্র এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ফ্রান্স ও ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের সমালোচনা উপেক্ষা করে জার্মানি এ সিদ্ধান্ত ঘোষণা করল।
সৌদি আরবের বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় গত অক্টোবর মাসে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সরকার সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। তারপর কয়েকবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বার্লিন।
নতুন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবাত এক ইমেইল বিবৃতিতে বলেন, “আরো ছয় মাসের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো যা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্যকর থাকবে। এ সময়ের মধ্যে সৌদি আরবের কাছে কোনো অস্ত্র রপ্তানির লাইসেন্স ইস্যু করা হবে না। পাশাপাশি কোনো ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জামও রপ্তানি করা যাবে না।”
জার্মানির এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফ্রান্স ও ব্রিটেন যে সমালোচনা করছে তার কারণে হলো- এ দুটি দেশ সৌদি আরবের কাছে প্রচুর অস্ত্র রপ্তানি করে। এসব অস্ত্র তৈরির ক্ষেত্রে জার্মানির উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশ দুটি।#
পার্সটুডে/এসআইবি/২৯
ট্যাগ