নিউজিল্যান্ডকে প্রথম হারের স্বাদ দিল পাকিস্তান, বাঁচিয়ে রাখল সেমির আশাও
https://parstoday.ir/bn/news/world-i71529-নিউজিল্যান্ডকে_প্রথম_হারের_স্বাদ_দিল_পাকিস্তান_বাঁচিয়ে_রাখল_সেমির_আশাও
বাবর আজমের চমৎকার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের সুবাদে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। তবে হারলেও বিপদের কোনো শঙ্কা নেই কিউইদের। রান রেট নিয়ন্ত্রণে রাখায় সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছে তারা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২৬, ২০১৯ ২০:৪৯ Asia/Dhaka
  • চলতি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবর আজম
    চলতি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবর আজম

বাবর আজমের চমৎকার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের সুবাদে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। তবে হারলেও বিপদের কোনো শঙ্কা নেই কিউইদের। রান রেট নিয়ন্ত্রণে রাখায় সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছে তারা।

বার্মিংহামের এজবাস্টনে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৩৭ রান। ক্যারিয়ার সেরা ইনিংসে জিমি নিশাম করেন অপরাজিত ৯৭ রান। জবাবে, ৪৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। আর ব্যাক টু ব্যাক ফিফটির দেখা পান হারিস সোহেল।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ১৯ রানেই ফখর জামানকে হারায় দলটি। এরপর স্কোরবোর্ডে আর ২৫ রান যোগ করতে আরেক ওপেনার ইমাম-উল-হককেও হারায় দলটি। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে নিয়ে দলের হাল ধরেন বাবর আজম। গড়েন ৬৬ রানের জুটি। এরপর উইলিয়ামসনের বলে হাফিজ ফিরে গেলে আগের ম্যাচের সেরা হারিস সোহেলকে জুটি বাঁধেন বাবর।

দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাবর। ১১টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি। চলতি বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের দশম।

দারুণ খেলেছেন হারিসও। ৭৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় করেন ৬৮ রান। বাবরের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে শেষ দিকে এসে রানআউট হন তিনি। হাফিজ করেন ৩২ রান।

নিউজিল্যান্ডের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন ও কেন উইলিয়ামসন।

১০ ওভারে ২৮ রান খরচায় তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনে ধস নামান শাহিন শাহ আফ্রিদি।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ আমিরের তোপে পড়ে নিউজিল্যান্ড। নিজের প্রথম বলেই মার্টিন গাপটিলকে বোল্ড করে দেন তিনি। অবশ্য তার বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন এ কিউই ওপেনার। তবে নিউজিল্যান্ড শিবিরে মূল তোপ দাগান ১৯ বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি। কলিন মুনরোকে হারিস সোহেলের ক্যাচে পরিণত করেন। এরপর রস টেইলর ও টম লাথামকে পরিণত করেন উইকেটরক্ষক সরফরাজের।

কিউই শিবিরে অবশ্য সবচেয়ে বড় ধাক্কাটা দেন লেগ স্পিনার সাদাব আহমেদ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরান তিনি। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন কিউই অধিনায়ক। এদিনও ৬৯ বলে ৪১ রান করেছিলেন। দলের হাল ধরে ইনিংস মেরামতের পথে ছিলেন। অবশ্য উইকেটের পেছনে দারুণ ক্যাচ লুফে নিয়েছেন সরফরাজও।

এরপরই নিশাম ও গ্রান্ডহোমের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটি গড়েন তারা। জুটিটি হয়তো লম্বা হতো আরও। তবে রানআউটে কাটা পড়েন গ্রান্ডহোম। অবশ্য ততক্ষণে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান তোলে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন নিশাম। ১১২ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৭১ বলে ৬৪ রানের কার্যকরী ইনিংস আসে গ্রান্ডহোমের ব্যাট থেকে। ৬টি চার ও ১টি ছক্কায় এ রান করেছেন তিনি।

গ্যালারি পাকিস্তানি সমর্থকদের উল্লাস

পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ১০ ওভারে ৬৭ রান খরচায় তুলে নেন একটি উইকেট। মোহাম্মদ হাফিজ ৭ ওভারে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি। ইমাদ ওয়াসিম ৩ ওভারে ১৭ রান খরচায় কোনো উইকেট পাননি। শাদাব খান ১০ ওভারে ৪৩ রান দিয়ে নেন একটি উইকেট। আর ওয়াহাব রিয়াজ ১০ ওভারে ৫৫ রান খরচ করেও কোনো উইকেট পাননি।

চলতি বিশ্বকাপের ৩৩তম ম্যাচ শেষে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা ভারত ৫ ম্যাচে তুলেছে ৯ পয়েন্ট। চারে থাকা ইংল্যান্ড ৭ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। পাঁচে থাকা বাংলাদেশ ৭ ম্যাচে নিয়েছে ৭ পয়েন্ট। বাংলাদেশের সমান ম্যাচ আর সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে ছয়ে পাকিস্তান। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা। ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আটে, ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা নয়ে এবং ৭ ম্যাচে ০ পয়েন্টে টেবিলের তলানিতে আফগানিস্তান। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬