সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণের মার্কিন উদ্যোগ দস্যুবৃত্তি: রাশিয়া
-
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ
সিরিয়ার তেলক্ষেত্রগুলো নিয়ন্ত্রণের জন্য মার্কিন সরকার যে পদক্ষেপ নিয়েছে তাকে দস্যুবৃত্তি বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিথ্যা অজুহাতে আরব এ দেশটির তেল সম্পদ লুট করার চেষ্টা করছে।
গত বৃহস্পতিবার ট্রাম্প এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার নিশ্চিত করেন যে, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও সেখানে অন্তত ৫০০ সেনা মোতায়েন রাখা হবে। শুধু তাই নয়, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হলেও দেশটিতে আরো মার্কিন সেনা পাঠানো হচ্ছে। আমেরিকা বলছে, সিরিয়ার তেলক্ষেত্রগুলো যাতে ভুল হাতে না পড়ে সেজন্য তারা এই ব্যবস্থা নিচ্ছে।
এ সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেন, ওয়াশিংটন প্রকৃতপক্ষে সিরিয়ার তেলক্ষেত্রেগুলো নিয়ন্ত্রণের জন্য এই উদ্যোগ নিচ্ছে। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকায় যে উদ্যোগ নিয়েছে তাকে দখলদারিত্ব এবং রাষ্ট্রীয় দস্যুবৃত্তি ছাড়া অন্য কিছু বলা যায় না।
জেনারেল কোনাশেংকভ আরো বলেন, সিরিয়ার তেলসম্পদ নিয়ন্ত্রণ করার অধিকার রাখে শুধুমাত্র সিরিয়ার জনগণ; উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ কিংবা আমেরিকার সে অধিকার নেই।#
পার্সটুডে/এসআইবি/২৮