‘চীন শব্দের চেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে’
পেন্টাগন বলেছে, চীন পরমাণু বোমাবাহী শব্দের চেয়ে দ্রুতগামী বা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। গত সপ্তাহে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। রাশিয়া শব্দের চেয়ে দ্রুতগামী গ্লাইডারের পরীক্ষা সম্পন্ন করার কয়েক দিনের মধ্যেই এমন পরীক্ষা করল চীন।
সাধারণত এ জাতীয় ক্ষেপণাস্ত্রকে গ্লাইডার বলা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একে ছুঁড়ে দেয়া হয় ঊর্ধ্ব আবহ মণ্ডলে। তারপর শব্দের চেয়ে দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে ভেসে যায় বলে একে গ্লাইডারও বলা হয়।
চীন ডিএফ-জেডএফ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা গত শুক্রবারে করেছে। চীনের মধ্যাঞ্চলে অবস্থিত উজুই কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মার্কিন উপগ্রহ থেকে ডিএফ-জেডএফ’এর ওপর নজর রাখা হয়েছে। আবহ মণ্ডলের প্রান্তসীমা দিয়ে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে এটি ছুটে যেতে পারে।
ডিএফ-জেটএফ নিয়ে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আতংকে ভুগছে আমেরিকা। ঘণ্টায় ১১ হাজার কিলোমিটার বেগে ছুটে যেয়ে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। ফলে অত্যাধুনিক এবং জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেয়ার সক্ষমতা রাখে এটি। ডিএফ-জেডএফ দিয়ে বেইজিং হামলা চালায় কিনা তাই এখন আমেরিকার আতংক হয়ে উঠেছে বলে ওয়াশিংটন ফ্রি বেকন জানিয়েছে।
২০১৪ থেকে ২০১৫ সাল এ ক্ষেপণাস্ত্রের ছয় দফা সফল পরীক্ষা করছে চীন। এ নিয়ে এ ক্ষেপণাস্ত্রের সপ্তম পরীক্ষা চালানো হলো।#
মূসা রেজা/২৮