আমেরিকা যেন মুখ সামলে কথা বলে: উত্তর কোরিয়ার হুঁশিয়ারি
-
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ পর্যন্ত উত্তর কোরিয়ার নেতা তিন বার সাক্ষাৎ করলেও তাতে দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো উন্নতি হয়নি (ফাইল ছবি)
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের সব ধরনের হটলাইন বন্ধ করায় উত্তর কোরিয়ার কড়া সমালোচনা করে মার্কিন সরকার যে বক্তব্য দিয়েছিল তার কড়া জবাব দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে পিয়ংইয়ং বলেছে, ওয়াশিংটন যেন মুখ সামলে কথা বলে।
উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেসিএনএ’তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কিয়ন জং গুন বলেন, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে নিরাপদ করতে চাইলে ওয়াশিংটনের উচিত আন্তঃকোরীয় বিষয়ে নাক না গলিয়ে নিজের অভ্যন্তরীণ ব্যাপারে নজর দেয়া। আমেরিকার দ্বৈত আচরণের মনোভাব জঘন্য বলেও মন্তব্য করেন তিনি।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক বিভাগের প্রধান জানান, ওয়াশিংটনের উচিত নিজের মুখ সামলে কথা বলা এবং নিজের অভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দেয়া।
গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের সব সরকারি হটলাইন ছিন্ন করার ঘোষণা দেয় উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশটি থেকে নিজের অভ্যন্তরে পিয়ংইয়ং বিরোধী লিফলেট বিতরণের জের ধরে এ সিদ্ধান্ত নেয় কিম জং-উন প্রশাসন। পিয়ংইয়ংয়ের এই সিদ্ধান্তকে চরম হতাশাজনক উল্লেখ করে উত্তর কোরিয়ার সমালোচনা করেছে মার্কিন সরকার। # পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।