‘রাশিয়া তাদেরকে শাস্তির আওতায় আনবে’
-
ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন
ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বলেছেন, তার দেশের বিরুদ্ধে যারা নিষেধাজ্ঞা আরোপ করবে তাদেরকে শাস্তির আওতায় আনবে মস্কো।
গত ৬ জুলাই ব্রিটিশ সরকার ঘোষণা করেছে, চারটি দেশের কয়েকজন নাগরিক এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে লন্ডন। এই তালিকায় রাশিয়ার ২৫ জন ব্যক্তির নাম রয়েছে। রাশিয়ার আইনজীবী এবং অডিটর সের্গেই ম্যাগনিটস্কি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রিটেন এই শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
ব্রিটিশ ধনকুবের উইলিয়াম ব্রাউডারের কর বিষয়ক উপদেষ্টা ছিলেন ম্যাগনিটস্কি যিনি ২০০৯ সালের নভেম্বর মাসে মস্কোর একটি কারাগারে মারা যান। এর আগে এক বছর ধরে তিনি কর ফাঁকি দেয়ার অভিযোগে কারাগারে আটক ছিলেন। ম্যাগনিটস্কি দাবি করেছিলেন, রাশিয়ার বহু কর্মকর্তা বড় রকমের কর প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন এবং তার মৃত্যু পশ্চিমা সরকারগুলোর কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
ব্রিটিশ সরকার নতুন যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তার মধ্যে রয়েছেন আলেকজান্ডার বাস্ত্রিকিন যিনি ম্যাগনিটস্কি হত্যাকাণ্ডের তদন্ত কমিটির প্রধান ছিলেন।
নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে বলেন, “বিশ্বাস করতে পারেন যে, এই নিষেধাজ্ঞার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির পথ খুঁজে বের করব কারণ এ ধরনের নিষেধাজ্ঞা অবৈধ।”
রুশ রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন, একটি মাত্র সংস্থা আছে যারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং সেটি হচ্ছে জাতিসংঘ।#
পার্সটুডে/এসআইবি/২০