তাইওয়ান প্রণালীতে উসকানি বন্ধ করুন: আমেরিকাকে চীন
-
উএসএস ব্যারি ডেস্ট্রয়ার
কৌশলগত তাইওয়ান প্রণালীতে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার জন্য আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। গতকাল (বুধবার) তাইওয়ান প্রণালীতে আমেরিকার একটি ডেস্ট্রয়ার প্রবেশ করার পর আজ এই হুঁশিয়ারি দিল।
চীনের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডার ঝ্যাং চুনহুই আজ এক বিবৃতিতে মার্কিন ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে প্রবেশের চরম নিন্দা জানান এবং আমেরিকার উসকানিমূলক তৎপরতার কারণে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।
ঝ্যাং বলেন, তাইওয়ান প্রণালীতে আমেরিকার ডেস্ট্রয়ার প্রবেশের পুরো ঘটনা চীনের মার্কিন সামরিক বাহিনী পর্যবেক্ষণ করেছে এবং তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করা হয়। চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার জন্য সামরিক বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ঝ্যাং আরো বলেন আমেরিকা তাইওয়ানের জনগণের কাছে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাচ্ছে।
এদিকে, মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, গতকাল ইউএসএস ব্যারি ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে মূলত নিয়মিত সফরের অংশ হিসেবে প্রবেশ করে। এ নিয়ে চলতি বছরে দশবার মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল।#
পার্সটুডে/এসআইবি/১৫