বাইডেনের বিজয় অনুমোদন করল মার্কিন কংগ্রেস; শপথ গ্রহণে বাধা নেই
-
বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় অনুমোদন করেছে। মার্কিন সংসদ কংগ্রেসের দুই কক্ষের যৌথ অধিবেশনে এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে ২০ জানুয়ারি জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পথে আর কোনো বাধা রইলো না।
কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।
পেনসিলভেইনিয়া ও আরিজোনা রাজ্যের ভোট নিয়ে রিপাবলিকানদের তোলা আপত্তি সিনেট ও প্রতিনিধি পরিষদ প্রত্যাখ্যান করার পর ইলেকটোরাল ভোটের ফলাফল অনুমোদন করা হয়।
বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সংসদ অধিবেশনস্থলে হামলা চালানোয় কংগ্রেসের এই নিয়মতান্ত্রিক অধিবেশন বিঘ্নিত হয়।
পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর আবারও অধিবেশনে বসেন আইনপ্রণেতারা। তারা বাইডেনের জয় অনুমোদন করেন। এর মধ্যদিয়ে ট্রাম্পের পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়ে গেছে।
সংসদ ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর ট্রাম্পকে মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণের বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও খবর পাওয়া গেছে। সংসদ অধিবেশনস্থল ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় অন্তত চার জন মারা গেছে।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।