পানামা পেপার্স নিয়ে বিতর্ক দ্রুত নিষ্পত্তির আহ্বান জানালেন জেনারেল রাহিল
https://parstoday.ir/bn/news/world-i8989-পানামা_পেপার্স_নিয়ে_বিতর্ক_দ্রুত_নিষ্পত্তির_আহ্বান_জানালেন_জেনারেল_রাহিল
পাকিস্তানে পানামা পেপার্স নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান বিতর্ক দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১১, ২০১৬ ০৭:২৯ Asia/Dhaka
  • পানামা পেপার্স নিয়ে বিতর্ক দ্রুত নিষ্পত্তির আহ্বান জানালেন জেনারেল রাহিল

পাকিস্তানে পানামা পেপার্স নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান বিতর্ক দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিয়ে নওয়াজের সঙ্গে বৈঠকের সময় এ আহ্বান জানানো হয়েছে। সরকারের একটি ঘনিষ্ঠ ও উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

পানামা পেপার্স সংক্রান্ত তদন্ত নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিরাজমান বিতর্ক পাকিস্তানের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলছে বলে মনে করেন সেনাপ্রধান। তাই এ বিষয়টি জরুরি ভিত্তিতে সুরাহার আহ্বান জানান তিনি। সূত্রটি বলেছে, জেনারেল শরীফ মনে করেন এ ইস্যুটি পাকিস্তানে অস্থিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

নওয়াজের মেয়ে এবং ছেলেরা কর ফাঁকি দিয়ে অর্থ-সম্পদ অর্জন করেছে বলে প্রথম দফা পানামা পেপার্সে তথ্য প্রকাশ করা হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে নওয়াজের পরিবারের অর্থ সম্পদের বিষয়েই প্রথম তদন্তের দাবি করছে বিরোধী দলগুলো।

অবশ্য পানামা পেপার্সের তথ্য ফাঁস হওয়ার পরই বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছিলেন নওয়াজ। কিন্তু এ তদন্ত কমিটির কার্যক্রম কি হবে তা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।#

মূসা রেজা/১১