পাকিস্তানে শিয়াদের ওপর হত্যাকাণ্ড অব্যাহত: সরকারকে পদক্ষেপ নেয়ার আহবান
https://parstoday.ir/bn/news/world-i9955-পাকিস্তানে_শিয়াদের_ওপর_হত্যাকাণ্ড_অব্যাহত_সরকারকে_পদক্ষেপ_নেয়ার_আহবান
পাকিস্তানের বিভিন্ন স্থানে সম্প্রতি শিয়া মুসলমানদের ওপর হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটির মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান রাজা নাসের আব্বাস জাফরির অবস্থান ধর্মঘট ও অনশন অব্যাহত রয়েছে। এ কর্মসূচি চলার একই সময়ে রাজধানী ইসলামাবাদে গতকাল জুমার নামাজে উপস্থিত হাজার হাজার মুসল্লি জাফরির প্রতি সংহতি প্রকাশ করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২১, ২০১৬ ১৪:১৮ Asia/Dhaka

পাকিস্তানের বিভিন্ন স্থানে সম্প্রতি শিয়া মুসলমানদের ওপর হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটির মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান রাজা নাসের আব্বাস জাফরির অবস্থান ধর্মঘট ও অনশন অব্যাহত রয়েছে। এ কর্মসূচি চলার একই সময়ে রাজধানী ইসলামাবাদে গতকাল জুমার নামাজে উপস্থিত হাজার হাজার মুসল্লি জাফরির প্রতি সংহতি প্রকাশ করেন।

সম্প্রতি পাকিস্তানের পারাচিনার, করাচি ও দেইর ইসমাইল খান শহরে শিয়া মুসলমানদের ওপর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান ইসলামাবাদে প্রেসক্লাবের সামনে তাবু খাটিয়ে গতকাল শুক্রবার থেকে সেখানে অবস্থান ধর্মঘট ও অনশন শুরু করেছেন। জুমার নামাজের খুতবায় তিনি পাকিস্তানের সব মাজহাবের মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের আহবান জানিয়ে শিয়া মুসলমানদের ওপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার নিন্দা জানান। তিনি ধর্মের নামে গড়ে ওঠা জঙ্গিগোষ্ঠীগুলোকে পাকিস্তানের শত্রু ও দেশটির ঐক্যের পথে বাধা হিসেবে অভিহিত করেছেন।

রাজা নাসের আব্বাস জাফরি পারাচিনার শহরে শিয়া মুসলমানদের বিক্ষোভ এবং তাদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বিক্ষোভকারীর নিহত হওয়ার কথা উল্লেখ করেন। তিনি সেনা প্রধান জেনারেল রাহিল শরিফকে উদ্দেশ্য করে বলেছেন, এ ধরণের উগ্র সন্ত্রাসী গোষ্ঠী সেনাবাহিনীর ভাবমর্যাদাকেও ক্ষুণ্ণ করছে। তাই যত দ্রুত সম্ভব অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেয়া আহবান জানান। তিনি বলেন, যতদিন পর্যন্ত এ দাবি সরকার পূরণ না করবে ততদিন পর্যন্ত অবস্থান ধর্মঘট ও অনশন চালিয়ে যাবেন।

এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা, ফয়সালাবাদ ও হায়দারাবাদে জুমার নামাজ শেষে মুসল্লিরা রাজা নাসের আব্বাস জাফরির এ প্রতিবাদ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে শিয়াদের ওপর উগ্র গোষ্ঠীগুলোর হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন।

মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান সমগ্র পাকিস্তানে টার্গেট কিলিং এবং শিয়া মুসলমানদের ওপর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, প্রাদেশিক ও কেন্দ্রিয় সরকার শিয়া মুসলমানদের রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি পাকিস্তানের জনগণের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে, দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সেনা প্রধান রাহিল শারিফসহ অন্যান্য সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারাও সম্প্রতি উগ্র জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন।

পাকিস্তানের শিয়া মুসলিম নেতৃবৃন্দ বলছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলা অব্যাহত থাকলেও সেনাবাহিনী হামলা রোধে তেমন কোনো পদক্ষেপ এখনো নেয়নি। এর ফলে সন্ত্রাসীদের ব্যাপারে পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনীর দ্বিমুখী নীতির বিষয়টি ফুটে উঠেছে। লস্করে জাংভি, সেপাহে সাহাবার মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো দীর্ঘ দিন ধরে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং তাদের প্রতিটি কর্মকাণ্ডের ওপর সরকারের নজর রয়েছে এবং তাদের নেতারাও চিহ্নিত। কিন্তু তারপরও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ সুযোগে তেহরিকে তালেবানসহ উগ্র গোষ্ঠীগুলো সংখ্যালঘু বিশেষ করে শিয়া মুসলমানদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণির পেশার শিয়া মুসলমানদের ওপর হামলার ঘটনা থেকে বোঝা যায় অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এ হত্যাকাণ্ড চালাচ্ছে যার উদ্দেশ্য শিয়া মুসলমানদেরকে দুর্বল করা। #

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২১