নারায়ণগঞ্জের ভোট শেষ-অপেক্ষা ফলের, ভালো নির্বাচন দেখতে চাই-মাহবুব তালুকদার
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ জানুয়ারি রোববার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বিদায়লগ্নে ভালো নির্বাচন দেখতে চাই: মাহবুব তালুকদার-প্রথম আলো
- রোহিঙ্গা প্রশ্নে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় একই-প্রথম আলো
- ভোট দিয়েই আইভী বললেন, বিজয় শতভাগ নিশ্চিত, তৈমুর বললেন ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন-মানবজমিন
- হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে যা জানালেন মেয়ে-ইত্তেফাক
- এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতার করা হচ্ছে: তৈমুর-যুগান্তর
- ইভিএম বিভ্রাট, ভোট দিতে পারছেন না অনেকেই-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- কমিশন সবাইকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে, ভোট পিছনো নিয়ে কটাক্ষ দিলীপের-আনন্দবাজার পত্রিকা
- জেগে উঠেছে সমুদ্রগর্ভের ‘ঘুমন্ত দানব’, সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা-রাশিয়া-সহ একাধিক দেশ-সংবাদ প্রতিদিন
- কোনও সমঝোতা নয়’, গোয়ায় ভোটের আগে তৃণমূলের জোট প্রস্তাব ফেরাল কংগ্রেস–আজকাল
শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ২০২২ এর খবর আজকের সব জাতীয় দৈনিকে বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। প্রথম আলোর শিরোনাম- নারায়ণগঞ্জে ভোট শেষ এবার ফলের অপেক্ষা। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-ভোটারের সঙ্গে গোপন বুথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থী তৈমুর অভিযোগ করেছেন, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতার করা হচ্ছে। মানবজমিনের খবরে লেখা হয়েছে,ঝুঁ কিপূর্ণ কেন্দ্রে অস্বস্তি ছিল। অপর এক খবরে লেখা হয়েছে- এক ঘন্টায় দুটো ভোটও কাস্ট হয় না বন্দরের লক্ষণখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভোটকেন্দ্রে ভোগান্তির অভিযোগ তুলে একজন ভোটার বলেছেন এমন হবে জানলে ভোট দিতেই আসতাম না। মেশিন নষ্টের অভিযোগও উঠেছে। আর ভোট দিয়ে আইভি বলেছেন বিজয় শতভাগ নিশ্চিত। অপর প্রার্থী তৈমুরের আশা ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন তিনি।
বিদায়লগ্নে ভালো নির্বাচন দেখতে চাই: মাহবুব তালুকদার-প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তরসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জের সিটি নির্বাচন দেখতে এসে কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘ভোট যত বেশি কাস্ট হবে, আমি তত বেশি খুশি হব। আমাদের বিদায়লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি এখানে এসেছি।’ আজ দুপুর ১২টার পর নারায়ণগঞ্জ সিটির আদর্শ স্কুল কেন্দ্রে আসেন মাহবুব তালুকদার। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘এখন আমি কিছু বলব না। পরে মন্তব্য করব।’
হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে যা জানালেন মেয়ে-ইত্তেফাক
বিএনপি নেতা হারিছ চৌধুরী। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। বেশ কিছুদিন আগে হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে তার চাচাতো ভাই আশিক চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তবে সখানে ইঙ্গিত দিলেও সরাসরি কিছু বলেননি তিনি। তখন থেকে বিষয়টি আলোচনায় আসে। পরে সাংবাদিকদের তিনি জানান হারিছ চৌধুরী লন্ডনে মারা গেছেন। ফলে কয়েক দিন ধরে তার মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। তবে এবার তার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তার কন্যা সামীরা তানজীন চৌধুরী (মুন্নু চৌধুরী)। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তার বাবা হারিছ চৌধুরী। হারিছ চৌধুরী ঢাকাতেই মারা গেছেন জানিয়ে তার কন্যা সামীরা তানজীন চৌধুরী বলেন, আমার বাবা কোনো দেশেই যাননি।
দুই সপ্তাহ পেছালো বইমেলা-ইত্তেফাক
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ রবিবার (১৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ১ ফেব্রুয়ারির বদলে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের বইমেলা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
জেগে উঠেছে সমুদ্রগর্ভের ‘ঘুমন্ত দানব’, সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা-রাশিয়া-সহ একাধিক দেশ-সংবাদ প্রতিদিন
বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, নতুন বছরের গোড়াতেই বিশ্বজুড়ে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়। শনিবার সন্ধেয় হঠাৎই জেগে ওঠে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা আগ্নেয়গিরি। তার জেরেই আমেরিকা, রাশিয়া, জাপানের মতো একাধিক দেশের উপকূলবর্তী এলাকায় সুনামির আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা এড়াতে উপকূলবর্তী এলাকা খালি করা হয়েছে। শনিবার সন্ধেয় উপগ্রহ চিত্রে ধরা পড়ে ভয়াবহ ছবি। দেখা যায়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গর্ভে থাকা হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হোপাই নামে আগ্নেয়গিরি জেগে উঠেছে। আচমকাই শুরু হয় অগ্ন্যুৎপাত।
দিল্লির বাজারে আই ই ডি IED বিস্ফোরক রাখার পিছনে পাকিস্তান! গোয়েন্দাদের সন্দেহের তির আইএসআইয়ের দিকে-সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, গত শুক্রবারই রাজধানী দিল্লির বুকে ধরা পড়েছিল বড়সড় নাশকতার ছক। কে বা কারা এই বিস্ফোরক ভরতি ব্যাগটি গাজিপুর ফুল বাজারে রেখেছিল, সেটা প্রাথমিক ভাবে জানা যায়নি। কিন্তু তদন্ত এগোতেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এর পিছনে রয়েছে পাকিস্তান! দিল্লি পুলিশের স্পেশাল সেলের অনুমান তেমনই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গোয়েন্দারা যা সূত্র পাচ্ছেন তা থেকে মনে করা হচ্ছে নিশ্চিত ভাবেই পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এই নাশকতার ফন্দি এঁটেছিল।
কোনও সমঝোতা নয়' গোয়ায় ভোটের আগে তৃণমূলের জোট প্রস্তাব ফেরাল কংগ্রেস-আজকাল
গোয়ায় তৃণমূলের জোট প্রস্তাব ফেরাল কংগ্রেস। জানিয়ে দেওয়া হল তৃণমূলের সঙ্গে কোনও জোট করার প্রশ্নই নেই হাত শিবিরের। সম্প্রতি তৃণমূলের তরফে মহুয়া মৈত্র সম্প্রতি দাবি করেছিলেন, ‘দু’সপ্তাহ আগে কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু কিছু জানানো হয়নি। এদিকে জাতীয় কংগ্রেসের দাবি, গোয়ায় তৃণমূলের সঙ্গে যে তারা জোট করবে না তা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন এআইসিসি নেতা কে সি বেণুগোপাল।
কমিশন সবাইকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে, ভোট পিছনো নিয়ে কটাক্ষ দিলীপের-আনন্দবাজার পত্রিকা
শনিবারই রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে, রাজ্যের চার পুরনিগমের ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে। বস্তুত, নির্বাচন পিছনো নিয়ে হাই কোর্টে মামলাও করেছিল রাজ্য বিজেপি। কমিশনের এই সিদ্ধান্তকে এক হাত নিলেন সর্বভারতীয় বিজেপি-র সহসভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে তিনি বলেন, ‘‘ভোট অন্তত এক মাস পিছিয়ে দেওয়া উচিত ছিল। কমিশন সবাইকে খুশি করতে গিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। করোনা পিস্থিতি স্বাভাবিক না হলে ভোট নয়।’’দিলীপের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘আগে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট পিছনো নিয়ে উনি কিছু বলুন, তার পর উনি পুরভোট নিয়ে ভাববেন।’’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬