পত্রপত্রিকার খবরাখবর:
যিনি যত বড় প্রভাবশালী তিনি তত প্রতাপশালী দুর্নীতিবাজ: রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো এবং কয়েকটি খবর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো।
বাংলাদেশের শিরোনাম:
- আক্রান্তদের ৮০ ভাগের শরীরে অমিক্রন: আইইডিসিআর/প্রথম আলো
- দেশে ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী/ইত্তেফাক
- যিনি যত বড় প্রভাবশালী তিনি তত প্রতাপশালী দুর্নীতিবাজ: রিজভী/বাংলাদেশ প্রতিদিন
- যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ পেলেন পররাষ্ট্রমন্ত্রী, সচিব যাচ্ছেন ভারতে: মানব জমিন
ভারতের শিরোনাম:
- সিপিএম লড়বে না চার ওয়ার্ডে, দিনহাটাতেও ভোটের আগেই ফুটল জোড়াফুল: আনন্দবাজার পত্রিকা
- হিজাব বা বোরখার সমর্থন করি না, কর্নাটকের ঘটনা ঘিরে সরব জাভেদ আখতার: আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি। বিশ্লেষণে যথারীতি জনাব সিরাজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। জনাব সিরাজুল ইসলাম! কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে: যিনি যত বড় প্রভাবশালী তিনি তত প্রতাপশালী দুর্নীতিবাজ। কী বলবেন আপনি?
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে সম্প্রতি বিতর্ক চলছে। এ নিয়ে এক রকমের উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনা সৃষ্টি কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন?
জনাব সিরাজুল ইসলাম! ধন্যবাদ আপনাকে।
শ্রোতাবন্ধুরা! বিশ্লেষণের পর এবার বাংলাদেশের আরও কয়েকটি খবর বিস্তারিত জানা যাক।
আক্রান্তদের ৮০ ভাগের শরীরে অমিক্রন: আইইডিসিআর। প্রথম আলো'র রিপোর্ট। পত্রিকাটি লিখেছে, দেশে গত জানুয়ারি মাসে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশের শরীরে অমিক্রন ধরন শনাক্ত হয়েছে। বাকি ২০ শতাংশের শরীরে পাওয়া গেছে ডেলটার ধরন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। জানুয়ারি মাসে ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সংগ্রহ করা নমুনার জিনোম সিকোয়েন্সিং (জিন নকশা উন্মোচন) করে গতকাল বুধবার এ প্রতিবেদন তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী ছড়ানো করোনার সাতটি ধরনের মধ্যে পাঁচটিকে উদ্বেগজনক বলে মনে করে। আইইডিসিআরসহ মোট চারটি প্রতিষ্ঠান দেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছে। বাকি তিন প্রতিষ্ঠান হলো আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ)।
দেশে ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী। ইত্তেফাকের খবর।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুঃশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ লোক ক্যানসারে আক্রান্ত। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটেরিয়ামে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যানসারের পাশাপাশি লিভার, কিডনি, হার্টসহ নানাবিধ ননকমিউনিক্যাবল রোগে লাখ লাখ মানুষ প্রতিবছর আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। এসব রোগের কারণ আমাদের খাদ্যাভাস, কীটনাশকের অধিক ব্যবহার, পরিবেশ দূষণ এবং সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ধূমপান। আমাদের এসব নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরো বলেন, এক সময় কলেরা, ডায়েরিয়া, টাইফয়েড, যক্ষা এসব রোগেও মানুষ মারা যেত। সেসব রোগও নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের স্বাস্থ্য সেবার মান সে সময়ের তুলনায় অনেক সমৃদ্ধ হয়েছে। ফলে আমরা ক্যানসারের মতো রোগকেও স্বাস্থ্যসেবা দিয়ে নিয়ন্ত্রণে আনতে পারবো।
যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন: মানব জমিনের শিরোনাম।
আগামী এপ্রিলে তিনি ওয়াশিংটন যেতে পারেন। এদিকে তিন দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন আগামী ২৩শে ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন। চেন্নাইতে নবপ্রতিষ্ঠিত মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াও দিল্লিতে দেশটির বিদেশ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে- যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রীর সফরটি হচ্ছে। ওই সফরের জন্য মন্ত্রী মোমেনকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বাসসের রিপোর্ট মতে, মন্ত্রী মোমেন বুধবার রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেন, আজ সকালে আমি এ আমন্ত্রণ সম্পর্কে জানতে পেরেছি। মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এ আমন্ত্রণ জানিয়েছে। মোমেন বলেন, ব্লিঙ্কেন গত ডিসেম্বরে এক ফোনালাপকালে এ বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন।
এবারে ভারতের কয়েকটি পত্রিকার খবর বিস্তারিত:
সিপিএম লড়বে না চার ওয়ার্ডে, দিনহাটাতেও ভোটের আগেই ফুটল জোড়াফুল: আনন্দবাজার পত্রিকা বুধবারই বিকেল তিনটে পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওই সময়সীমা শেষের পর দেখা যায়, তৃণমূল সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। বজবজ এবং সাঁইথিয়ার মতো জোড়াফুল ফুটল কোচবিহারের দিনহাটা পুরসভাতেও। ওই পুরসভার ১২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন জোড়াফুল প্রার্থীরা। যার ফলে ১৬ আসনের দিনহাটা পুরসভা নির্বাচনী যুদ্ধের আগেই তৃণমূলের দখলে চলে গিয়েছে। বুধবার বিকেল তিনটে পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই সময়সীমা শেষের পর দেখা যায়, তৃণমূল সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। তার পর দিনই বদলে গেল ছবিটা। বৃহস্পতিবার সকালে সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচনী প্র্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর কথা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করে সিপিএম।
হিজাব বা বোরখার সমর্থন করি না', কর্নাটকের ঘটনা ঘিরে সরব জাভেদ আখতার: আজকাল। বিজেপি শাসিত রাজ্য কর্নাটকে হিজাব পরে কলেজে মুসলিম ছাত্রীরা ক্লাস করতে পারবেন কি না, তা ঘিরে গত বছরের শেষ থেকেই সেখানে নতুন বিতর্কের সৃষ্টি হয়। যা ঘিরে একটি মামলাও দায়ের করা হয়। কলেজ ক্যাম্পাসে হিজাব পরে প্রবেশ করলেও ক্লাস করার সময়েও তা পরে থাকতে পারবেন কি না, সেটা ঠিক করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষকেই দিয়েছে সরকার।
এদিকে মুসলিম ছাত্রীদের দাবি, তাঁরা হিজাব পরেই ক্লাস করবেন। এই বিতর্কের মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কর্নাটকের একটি ভিডিও। কর্নাটকের একটি কলেজের সামনে মুসলিম ছাত্রীদের উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' ধ্বনি তোলেন একদল হিন্দুত্ববাদী যুবক। তাঁদের পাল্টা জবাব দিতে 'আল্লাহু আকবর' বলে ওঠেন এক মুসলিম ছাত্রী। এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই হিজাব কাণ্ডের বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। তো শ্রোতাবন্ধুরা! আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।
পার্সটুডে/নাসির মাহমুদ/১০/২২৫৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।