মে ১৪, ২০২৩ ১৩:৪৯ Asia/Dhaka
  • ঘূর্ণিঝড় ‘মোখা’: লণ্ডভণ্ড সেন্ট মার্টিন

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৪ মে বোরবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চট্টগ্রামে গ্যাস নেই, অধিকাংশ শিল্পকারখানা-গণপরিবহন বন্ধ-মানবজমিন
  • সব বোর্ডের সোমবারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত-প্রথম আলো
  • জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে ‘চিরতরে’ বহিষ্কারের সুপারিশ: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে আমানের আপিলের রায় যেকোনো দিন-কালের কণ্ঠ
  • ঘূর্ণিঝড় ‘মোখা’: লণ্ডভণ্ড সেন্ট মার্টিন-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মুখ্যমন্ত্রী কে? সিদ্দারামাইয়া না শিব কুমার, নাকি নতুন কোনো মুখ... আজই বৈঠক -দৈনিক পূবের কলম
  • ‘অভিষেকের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা’, বিস্ফোরক দাবি সুকান্তর, পালটা জবাব তৃণমূলের–সংবাদ প্রতিদিন।
  • কর্নাটক বিপর্যয়ের ৫টি কারণ রাজ্যে বিজেপির কাছেও চিন্তার, লোকসভা ভোটে কী হবে বাংলায়?-আনন্দবাজার পত্রিকা

শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

১. ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ওপর তেমন একটা আঘাত করেনি। নিশ্চয় এটা স্বস্তির বিষয়। তবে, কেমন প্রস্তুতি ছিল এ নিয়ে?

২. মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আপনার কী মনে হয় এই যুদ্ধবিরতি স্থায়ী হবে?

সাক্ষাতকার শুনতে এখানে ক্লিক করুন:

এবারে কোলকাতার দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

মুখ্যমন্ত্রী কে? সিদ্দারামাইয়া না শিব কুমার, নাকি নতুন কোনো মুখ... আজই বৈঠক শীর্ষক খবরে দৈনিক পূবের কলম পত্রিকা লিখেছে, এক্সিট পোলের গণনা সঠিক প্রমাণ করে কর্নাটকে বড় জয় হয়েছে কংগ্রেসের। বিজেপিকে  হারিয়ে ১৩৫টি আসনে জয়ী হয়েছে হাত শিবির। তবে কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া না শিবকুমার ? নাকি নতুন কোনও চমক দিতে চলেছে কংগ্রেস! তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা।

দলীয় সূত্রে খবর, আজ রবিবারি’ই  মুখ্যমন্ত্রী বাছাই কাজ শুরু হবে। বিকেলে বৈঠকে বসতে চলেছে শীর্ষস্থানীয় নেতারা। ইতিমধ্যেই  বেঙ্গালুরুর সানগ্রি-লা হোটেল বুক করেছেন কংগ্রেস নেতৃত্বরা। সেখানেই বৈঠক হতে চলেছে বলেই জানা গেছে। আগামী ৫ বছরের জন্য কে হবে দক্ষিণের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কে পাবে কর্নাটকের দায়িত্বভার তা ওই বৈঠকেই বাছাই করে নেওয়া হবে। বিধায়করাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, ওই বৈঠকেই কংগ্রেস বিধায়করা প্রস্তাবনা পাশ করবেন। ওই প্রস্তাবনায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির হাতেই তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব। সোমবার নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। সরকার গঠনে দেরি করতে নারাজ হাত শিবির।

অভিষেকের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা, বিস্ফোরক দাবি সুকান্তর, পালটা জবাব তৃণমূলের -শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি শুধুমাত্র সময়ের অপেক্ষা। হুগলির সিঙ্গুরের এক কর্মসূচিতে বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। কেন আচমকা এমন দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি? বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। এই প্রসঙ্গে বিজেপিকে তোপ তৃণমূলের।

 ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে কটাক্ষ করতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “বিজেপিকে নকল করার চেষ্টা করছেন। বিজেপির মতো করে সংগঠন সাজানোর চেষ্টা করছেন। তাঁবু খাটিয়ে কাদের সঙ্গে রাত্রিবেলা কাদের সঙ্গে মিটিং করছেন আমরা সব জানি। আমাদের কাছে সব খবর আসছে। কিন্ত ওইভাবে উনি বাঁচতে পারবেন না।”

কর্নাটক বিপর্যয়ের ৫টি কারণ রাজ্যে বিজেপির কাছেও চিন্তার, লোকসভা ভোটে কী হবে বাংলায়?-শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, কর্ণাটকের ফলের সঙ্গে অনেকেই তুলনা করছেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলের। কারণ, এই রাজ্যেও বিজেপি ‘ডাবল ইঞ্জিন’ সরকারের স্লোগান তুলে ২০০ পার করতে চেয়েছিল। কিন্তু থমকে যেতে হয় ৭৭ আসনে। কর্নাটকেও একই পরিস্থিতি। ফারাক শুধু একটাই যে, দক্ষিণের একমাত্র রাজ্যে ক্ষমতায় থেকেও ক্ষমতা ধরে রাখতে পারল না বিজেপি। পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচনের এখনও অনেকটাই দেরি রয়েছে। কিন্তু সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর বিজেপির প্রধান লক্ষ্য ২০২৪ সালের লোকসভা ভোট। কর্নাটক নির্বাচনে পরাজয় পাঁচটি কারণে পশ্চিমবঙ্গে বিজেপির কাছেও চিন্তার। প্রকাশ্যে কেউ কিছু না বললেও দলের অন্দরে তা নিয়ে আলোচনা চলছে।

কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।